ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরে এক ব্যবসায়ীর বাসার সামনে এবং ধানমণ্ডিতে একটি কমিউনিটি সেন্টারের সামনে মঙ্গলবার সন্ত্রাসীরা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে।
এই দুটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
মঙ্গলবার বেলা আড়াইটার দিকে কয়েকজন সন্ত্রাসী মটর সাইকেলে মোহাম্মদপুর থানার ৪১, জাফরাবাদ এলাকার ব্যবসায়ী শহিদুল ইসলাম রহমতের বাসার সামনে এসে তাকে খোঁজ করে। তাকে না পেয়ে সন্ত্রাসীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি করতে করতে চলে যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
রহমত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেশ কিছুদিন আগে কারাবন্দি শীর্ষ সন্ত্রাসী ইমনের সহযোগী আলম তার কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ার সে তার সহযোগিদের নিয়ে এই ঘটনা ঘটিয়েছে।
এদিকে ধানমণ্ডি ৯ নম্বর সড়কে শাপলা কমিউনিটি সেন্টারের সামনে দুপুর ২টার দিকে কয়েকজন সন্ত্রাসী মটরসাইকেলে এসে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে চলে যায়। প্রকাশ্যে এই ঘটনায় সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে ধানমণ্ডি থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ত্রাসীরা মটর সাইকেলে এসে শাপলা কমিউটি সেন্টারের নিরাপত্তা প্রধান মনসুরকে খোঁজ করে। তাকে না পেয়ে সন্ত্রাসীরা এই গুলি করে। তবে এর কারণ জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেএমএস/২২৩২ ঘ.
bdnews24