২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জলদস্যু প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে'

ছিনতাই হওয়া জাহাজ-নাবিকদের উদ্ধারে জলদস্যুদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হচ্ছে বলে জানিয়েছে সরকার। তবে জাহাজটি তীরে ভেড়ার আগে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2010, 02:04 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাই হওয়া জাহাজ-নাবিকদের উদ্ধারে জলদস্যুদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হচ্ছে বলে জানিয়েছে সরকার। তবে জাহাজটি তীরে ভেড়ার আগে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মঙ্গলবার বিভিন্ন সংবাদপত্র, সংবাদ সংস্থা ও ইলেক্ট্রনিক গণমাধ্যমের প্রধান, সম্পাদক ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি ও নৌমন্ত্রী শাজাহান খান। বৈঠকে উপস্থিত এক সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উদ্ধারকাজে নিয়োজিত বিভিন্ন সংস্থার পক্ষ থেকে জলদস্যুদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়েছে বলে বৈঠকে জানানো হয়। তাদের সঙ্গে পণবন্দী নাবিকদের মুক্তি ও জাহাজ ছাড়ানোর ব্যাপারে আলোচনাও চলছে। জাহাজটি এখনো আরব সাগরে রয়েছে। এর যাত্রী নাবিকরাও সুস্থ রয়েছে। তবে এটি তীরে ভিড়তে আরো দু'দিন সময় লাগতে পারে বলে জানানো হয় বৈঠকে। রোববার বিকাল পৌনে ৪টার দিকে বাংলাদেশের পতাকাবাহী এমভি জাহান মনি কোচিন বন্দর থেকে ৩০০ নটিক্যাল মাইল দুরে আরব সাগরে জলদস্যুদের কবলে পড়ে। এসময় জাহাজটিতে ২৫ জন বাংলাদেশি নাবিক কর্মরত ছিলেন। এদের মধ্যে একজন নাবিক স্বপরিবারে ছিলেন। রোববার নৌমন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, এটি বাংলাদেশি জাহাজ নয়, মালয়েশীয় জাহাজ। মঙ্গলবার বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি সাংবাদিকদের বলেন, "ছিনতাই হওয়ার জাহাজটি উদ্ধার এবং এতে থাকা বাংলাদেশি কর্মীদের রক্ষায় ইতোমধ্যেই বিভিন্ন দেশের উদ্ধারকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সংস্থাগুলো দখলদার জলদস্যুদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে।" "আটক পণবন্দী ও জাহাজ উদ্ধারে প্রয়োজনীয় তৎপরতা শুরু হয়েছে" জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, "তবে এখনো দখলদার জলদস্যুদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি। জাহাজটি তীরে না ভেড়া পর্যন্ত এজন্য অপেক্ষা করতে হবে।" বৈঠকে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, তথ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন ও প্রধান তথ্য কর্মকর্তা হারুন অর রসিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নৌমন্ত্রী শাজাহান খান জানান, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) ও ভারতীয় উদ্ধারকারী সংস্থাসহ কয়েকটি দেশের সংস্থার মাধ্যমে জলদস্যুদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। জাহাজটি তীরে পৌঁছতে আরো অন্তত দু'দিন সময় লাগবে। এ সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। বাংলা দৈনিক পত্রিকা সমকাল'র সম্পাদক গোলাম সারওয়ার, চ্যানেল আইর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বৈশাখী টিভির সিইও মনজুরুল আহসান বুলবুল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে'র সামাজিক বিষয়ক সম্পাদক বেবী মওদুদ, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক শাহজাহান সরদার, যুগান্তরের নির্বাহী সম্পাদক সাইফুল আলমসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২২৩৩ ঘ.