ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ (সংশোধন) বিল-২০১০ জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে।
এই বিলটি আইন হিসাবে কার্যকর হওয়ার সাত মাসের (২১০ দিন) মধ্যে ফেরত দেওয়া যায় সেরকম অর্পিত সম্পত্তির জেলাওয়ারি তালিকা সরকারি গেজেট আকারে প্রকাশ করা হবে।
অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ (সংশোধন) বিল-২০১০ আইন হিসাবে কার্যকর হলে বাংলাদেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দারা বেদখল হয়ে যাওয়া ও সরকারের কাছে থাকা অর্পিত সম্পত্তি ফেরত পাবেন।
১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পরিপ্রেক্ষিতে তৎকালীন সরকার ডিফেন্স অফ পাকিস্তান অর্ডিন্যান্স এবং ডিফেন্স অফ পাকিস্তান রুলস্ জারি করে। এতে ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর থেকে ১৯৬৯ সালের ১৬ ফেব্র"য়ারি পর্যন্ত তৎকালীন পাকিস্তানের সে সব নাগরিক দেশ ত্যাগ করে ভারত যান বা তাদের সম্পত্তি ফেলে ভারতে অবস্থান করেন তাদের সম্পত্তি শক্র সম্পত্তি হিসাবে ঘোষণা করা হয়।
২০০১ সালের ১১ এপ্রিল আওয়ামী লীগ সরকার অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন-২০০১ জারি করে। এতে অর্পিত সম্পত্তি সংক্রান্ত আগের সব আইন বাতিল করা হয়। ২০০১ সালের করা আইনটি বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতায় এসে সংশোধন করে।
২০০১ সালের ১১ এপ্রিল অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন-২০০১ জারি করা হলেও এখন পর্যন্ত এই আইন বাস্তবায়ন হয়নি।
অর্পিত সম্পত্তি প্রত্যার্পন (সংশোধন) বিল-২০১০ সংসদে উত্থাপনের সময় ভূমি মন্ত্রী মো. রেজাউল করিম হীরা বলেন, "বাংলাদেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের সম্পত্তি অর্পিত সম্পত্তি হিসাবে তালিকাভূক্ত হয়ে থাকলে সামাজিক শৃঙ্খলা ও ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে তা ফেরত দেওয়ার জন্য অর্পিত সম্পত্তি প্রত্যাপর্ণ আইন-২০০১ সংশোধন ও বাস্তবায়ন করা প্রয়োজন।"
অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ (সংশোধন) বিল-২০১০ এর উদ্দেশ্য ও বিবৃতিতে বলা হয়েছে, 'অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন-২০০১ দ্বারা অর্পিত সম্পত্তিকে দুই ভাগে বিভক্ত করা হইয়াছে। যথা : (ক) প্রত্যার্পণযোগ্য অর্পিত সম্পত্তি ও (খ) প্রত্যার্পণযোগ্য অর্পিত সম্পত্তির বহির্ভূত সম্পত্তি (ব্যক্তির দখলে থাকা অর্পিত সম্পত্তি)। এই দুই ধরনের অর্পিত সম্পত্তিই বাংলাদেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের ফেরত প্রদানের লক্ষ্যে অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন সংশোধনের প্রয়োজন রয়েছে।'
মন্ত্রী এই বিল উত্থাপনের সময় আরো বলেন, "দাবি প্রমাণিত না হওয়া এবং ব্যক্তির দখলে থাকা অর্পিত সম্পত্তি খাস হিসাবে ঘোষণা করার জন্য অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন-২০০১ সংশোধন প্রয়োজন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/১৮৪৫ ঘ.
bdnews24