২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার কাউন্সিল (সংশোধন) বিল সংসদে

আইনজীবীদের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্যদের ক্ষমতা দিয়ে 'বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস অ্যান্ড বার কাউন্সিল (সংশোধন) বিল-২০১০' সংসদে উত্থাপন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2010, 05:03 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনজীবীদের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্যদের ক্ষমতা দিয়ে 'বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস অ্যান্ড বার কাউন্সিল (সংশোধন) বিল-২০১০' সংসদে উত্থাপন করা হয়েছে। এছাড়া প্রশাসনিক ট্রাইব্যুনালের মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে 'অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (সংশোধন) বিল-২০১০' উত্থাপন করা হয়। সোমবার আইনমন্ত্রী শফিক আহমেদ বিল দু'টি সংসদে উত্থাপন করেন। পরীক্ষা-নিরীক্ষার জন্য বিল দু'টি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠিয়ে দেওয়া হয়। বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস অ্যান্ড বার কাউন্সিল (সংশোধন) বিল-২০১০ এ নির্বাচিত প্রতিনিধির সমন্বয়ে গঠিত এনরোলমেন্ট কমিটিকে অ্যাডভোকেটদের লাইসেন্স দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। এই বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়, ১৯৭২ সালে প্রণীত আইন অনুযায়ী বার কাউন্সিলের তিনজন নির্বাচিত প্রতিনিধির সমন্বয়ে 'এনরোলমেন্ট কমিটি' গঠিত হতো। ২০০৩ সালে উক্ত আইনের 'এনরোলমেন্ট কমিটি' গঠন সংক্রান্ত বিধানটি পরিবর্তন করা হয়। এতে প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের একজন বিচারককে চেয়ারম্যান এবং প্রধান বিচারপতি মনোনীত হাইকোর্ট বিভাগের একজন বিচারক, অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের দু'জন নির্বাচিত সদস্যের সমন্বয়ে এনরোলমেন্ট কমিটি গঠনের বিধান করা হয়। সংশোধিত বিলে একজন আইনজীবীর একাধিক বারের নির্বাচনে ভোট দেওয়ার বিধানও রাখা হয়েছে। ২০০৩ সালে পরিবর্তিত বিধান অনুযায়ী একজন আইনজীবী একাধিক বারের সদস্য হতে পারলেও একাধিক বারের নির্বাচনে ভোট দিতে পারতেন না। এছাড়া 'অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (সংশোধন) বিল-২০১০' উত্থাপন করা হয়। বিদ্যমান আইনে একজন চেয়ারম্যান ও দু'জন সদস্য নিয়ে এই টাইব্যুনাল গঠিত হয়। টাইব্যুনালের চেয়ারম্যান বা সদস্য অনুপস্থিত থাকলে অপর দু'জন মামলার শুনানি করতে পারেন। কিন্তু রায় দিতে পারে না। সংশোধিত বিলে ট্রাইবুনালের কোনো সদস্য অনুপস্থিত থাকলেও যাতে চেয়ারম্যান ও অপর সদস্য মামলার শুনানি গ্রহণ ও রায় দিতে পারেন সে সংক্রান্ত বিধান রাখা হয়েছে। এক ট্রাইব্যুনাল থেকে যাতে অন্য ট্রাইব্যুনালে মামলা স্থানান্তর করা যায় সে বিধান আরও সুনির্দিষ্ট করা হয়েছে। এছাড়া ট্রাইব্যুনালের কাজ পরিদর্শনের লক্ষ্যে নতুন বিধান সংযোজনসহ আরও কিছু উদ্দেশ্য বাস্তবায়নে এ বিলটি উত্থাপন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেবি/এইচএ/২২৫০ ঘ.