রংপুর, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের মিঠাপুকুর উপজেলায় একটি দুগ্ধ খামারে ডাকাতি হয়েছে। ডাকাতরা প্রায় ৮ লাখ টাকা মূল্যের ৮টি গরু লুটে নিয়ে গেছে।
ডাকাতরা খামারের নিরাপত্তা প্রহরীদের মারধর করে হাত পা বেঁধে একটি ঘরে আটকে রেখে ৮টি গরু ও বিভিন্ন মালামাল লুট করে। মিঠাপুকুরের পায়রাবন্দ ইউনিয়নের লোহানী সালাইপুর গ্রামে কিরণ ফার্ম নামের দুগ্ধ খামারে সোমবার দিবাগত রাতে এ ডাকাতি হয়।
পুলিশ ও খামারের কর্মীরা জানায়, সোমবার রাত ২টার দিকে একদল ডাকাত কিরণ ফার্মে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে নিরাপত্তা প্রহরী আব্দুল হান্নান, কর্মচারী রুপেল মিয়া, শাহাজাদা, হাসান ও ব্যবস্থাপক ফারুক হোসেনকে মারধর করে। পরে তাদের হাত-পা বেঁধে মুখে স্কচ টেপ লাগিয়ে একটি কক্ষে আটকে রাখে।
ডাকাতরা ৩টি মোবাইল ফোনসেট, নগদ আড়াই হাজার টাকা ও প্রায় ৮ লাখ টাকা মূল্যের ৮টি ফ্রিজিয়ান জাতের গরু লুট করে নিয়ে যায়।
খামারের মালিক ডা. রোকনুজ্জামানের বাবা আব্দুল মজিদ জানান, তার ছেলে চীনে আছেন। এর আগেও তাদের খামার থেকে গরুসহ মালামাল ডাকাতি হয়েছে। কিন্তু পুলিশ কোন পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন তিনি।
মিঠাপুকুর থানার ওসি আলতাফ হোসেন এ ব্যাপারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডাকাতি নয়, ৮টি গরু চুরি করে নিয়ে গেছে। একটি গরু উদ্ধার করা হয়েছে। বাকীগুলো উদ্ধার করার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৫৮ ঘ.
bdnews24