২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অপসারণ ক্ষমতাসহ' উপজেলা বিল সংসদে

শরিক দলের সাংসদের আপত্তি সত্ত্বেও উপজেলা পরিষদের কোনো সদস্যকে অপসারণের ক্ষমতা রেখে উপজেলা পরিষদ (সংশোধন) বিল-২০১০ জাতীয় সংসদে উত্থাপন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2010, 01:17 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরিক দলের সাংসদের আপত্তি সত্ত্বেও উপজেলা পরিষদের কোনো সদস্যকে অপসারণের ক্ষমতা রেখে উপজেলা পরিষদ (সংশোধন) বিল-২০১০ জাতীয় সংসদে উত্থাপন হয়েছে। এ বিল পাশ হলে কয়েকটি কারণের প্রেক্ষিতে সরকার উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা সদস্যসহ যেকোনো সদস্যকে অপসারণ করতে পারবে। জাতীয় সংসদের সোমবারের অধিবেশনে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এই বিল উত্থাপন করেন। বিলটি উত্থাপনের সময় মহাজোটের শরীক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি ও ঢাকা-৮ আসনের সাংসদ রাশেদ খান মেনন আপত্তি জানিয়ে বলেন, "উপজেলা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানরা এটা নিয়ে রাজপথে আন্দোলনে আছে। এই বিলটি মন্ত্রিসভায় পাশ হয়ে এসেছে। তারপরও আমি বলবো- এই বিলটি পুনরায় মন্ত্রিসভায় নিয়ে পাস করিয়ে নিয়ে আসা হোক।" রাশেদ খান মেননের আপত্তি গ্রহণ করতে না পারায় দুঃখ প্রকাশ করে সৈয়দ আশরাফ বলেন, "এই বিলটি কমিটিতে যাবে। বিলটি কমিটি সংশোধন করার পরই তা পাস করা হবে।" বিলের ১৩ ধারায় বলা হয়েছে- যুক্তিসঙ্গত কারণ ছাড়া উপজেলা পরিষদের পর পর তিনটি সভায় অনুপস্থিত থাকলে, রাষ্ট্র পরিপন্থি বা নৈতিক স্খলনের অপরাধে দণ্ডপ্রাপ্ত হলে, অসদাচরণ, দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহারের জন্য দোষী সাব্যস্ত হলে বা উপজেলার সম্পত্তি আত্মসাতের জন্য দায়ী হলে সরকার উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা সদস্যসহ যে কোনো সদস্যকে অপসারণ করতে পারবে। বিলটি উত্থাপনের পর এক মাসের মধ্যে যাচাই-বাছাইয়ের জন্য স্থানীয় সরকার সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৯১০ ঘ.