ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ রেলওয়ের আড়াই হাজার একরেরও বেশি জমি অবৈধ দখলে রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
সোমবারের সংসদের প্রশ্নোত্তর পর্বে নেত্রকোনা-৫ আসনের সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
আবুল হোসেন বলেন, "রেলওয়ের পূর্বাঞ্চলের ৯২৭ দশমিক ১০ একর এবং পশ্চিমাঞ্চলের ১৬০০ দশমিক ২ একরসহ মোট ২৫২৭ দশমিক ১২ একর ভূমি অবৈধ দখলে রয়েছে। এর মধ্যে পূর্বাঞ্চলের ৪৯০ দশমিক ৫৯ একর ও পশ্চিমাঞ্চলের ৪৩৬ একর ভূমি দখলে আছে বিভিন্ন সরকারি সংস্থা বা দপ্তরের।"
"রেলওয়ের এসব ভূমি দখলমুক্ত করা হচ্ছে এবং দখলমুক্ত করা একটি চলমান প্রক্রিয়া", বলেন মন্ত্রী।
ফেনী-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মোশারফ হোসেনের আরেক প্রশ্নের জবাবে যোগাযোগ মন্ত্রী জানান, ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে সরকারের।
বৈদেশিক অর্থায়নের আশ্বাস পাওয়ার পর এই রুটে ইলেকট্রিক ট্রেন চালুর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান।
লক্ষীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিনের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট নিরসনের লক্ষ্যে সরকার মহাসড়কটি দুই লেন থেকে চার লেনে উন্নীত করার কাজ শুরু করেছে।
২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে এই কাজ শেষ হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/এমএসবি/১৭২৯ ঘ.
bdnews24