২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাস্তাঘাট উন্নয়নে বরাদ্দের আশ্বাস প্রধানমন্ত্রীর

রাস্তাঘাটের উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের জন্য বরাদ্দ এবং বিদ্যুৎ সমস্যার সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি করছেন মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2010, 10:37 AM

Updated : 25 Aug 2022, 07:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাস্তাঘাটের উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের জন্য বরাদ্দ এবং বিদ্যুৎ সমস্যার সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি করছেন মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা। সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আলোচনার জন্য বিষয়গুলো উপস্থাপন করেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। তারা এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন। রাস্তাঘাটের উন্নয়নে বিভিন্ন প্রকল্পের বরাদ্দের জন্য অর্থবছরের প্রথমার্ধের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা শেষে সম্পুরক বাজেটে এ খাতে বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য প্রয়োজনে কম গুরুত্বপূর্ণ খাতের বরাদ্দ কেটে এ খাতে বরাদ্দ দিতেও সংশ্লিষ্ট মন্ত্রীকে নির্দেশ দেন তিনি। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মন্ত্রিসভার বৈঠক শেষে একজন মন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান। তবে তিনি তার নাম প্রকাশ করতে সম্মত হননি। মন্ত্রিসভার বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে নিয়মিত ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, বৈঠকে দু'টি চুক্তি স্বাক্ষর এবং একটি চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করা হয়। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর জাপান সফর এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জেনেভা ও যুক্তরাজ্য সফরের বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন। এসব প্রতিবেদন মন্ত্রিসভাকে অবহিত করা হয়। সফল জাপান সফরের জন্য যোগাযোগ মন্ত্রীর প্রস্তাবে প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। বৈঠকে যেসব চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করা হয়, তা হচ্ছে- বাংলাদেশ ও স্পেনের মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও বৈজ্ঞানিক খাতে সহযোগিতা এবং বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপাক্ষিক পুঁজি বিনিয়োগ চুক্তি। এছাড়া বাংলাদেশ ও ভারতের মধ্যে ইতোমধ্যে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক পুঁজি-বিনিয়োগ উন্নয়ন ও সংরক্ষণ চুক্তি অনুসমর্থনের প্রস্তাবও মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়। তবে বৈঠকে উপস্থিত ওই জ্যেষ্ঠ মন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী বিভিন্ন উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ কাজে অংশগ্রহণের সুযোগ দেওয়ার ক্ষেত্রে জাপানকে অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব করেন। তিনি বৈঠকে বলেন, "জাপান বাংলাদেশের বিভিন্ন খাতে উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ খাতে অর্থায়ন করছে। কিন্তু তারা এসব কাজে অংশগ্রহণের ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। এ ব্যাপারে তাদের অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। দেশে বর্তমানে খাদ্যশস্যসহ নিত্যপণ্যের মূল্য পরিস্থিতি সম্পর্কে একটি প্রতিবেদন বৈঠকে উপস্থাপন করেন। এ প্রতিবেদনটি শিগগিরই জাতীয় সংসদেও উপস্থাপন করা হতে পারে বলে জানান ওই মন্ত্রী। খাদ্যশস্যসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির জন্য আন্তর্জাতিক বাজার দরকেই দায়ী করা হয়। বিশ্বের সব দেশে এসব পণ্যের মূল্য বাংলাদেশের চেয়ে বেশি হওয়ায় ব্যবসায়ীরা আমদানি করছে না বলে বৈঠকে জানানো হয়। এসব পণ্যের মূল্য নিয়ন্ত্রণে কৃষি উৎপাদন আরো বাড়ানোর জন্য বৈঠকে কৃষিমন্ত্রীকে তাগিদ দেওয়া হয়। বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে চলমান সিরিজের সোমবারের ম্যাচটি ত্র"টিজনিত কারণে ফ্লাড-লাইটে না হওয়ার স্থানীয় সরকার মন্ত্রী বৈঠকে অসন্তোষ প্রকাশ করেন। তিনি এ বিষয়ে দেওয়া যুক্তিকে অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে এ ধরণের পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সেজন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেন। একইসঙ্গে বিশ্বকাপের কোন ম্যাচে যেন সমস্যা না হয়, সে ব্যাপারেও সকলকে সতর্ক থাকতে বলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৫৫৬ ঘ.