২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের গুলিতে আহত, অস্ত্রসহ গ্রেপ্তার ৩

গাজীপুরের কালিয়াকৈরে র‌্যাবের গুলিতে একজন আহত হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2010, 07:08 AM

Updated : 25 Aug 2022, 07:45 PM

গাজীপুর, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের কালিয়াকৈরে র‌্যাবের গুলিতে একজন আহত হয়েছে। পুলিশ বলেছে, অবৈধ অস্ত্র বিক্রেতাদের আটক করতে গেলে তারা র‌্যাবের ওপর হামলার চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা দুই রাউন্ড গুলি ছুড়লে একজন আহত হয়। রোববার রাতে এই ঘটনার পর র‌্যাব-১ চার রাউন্ড গুলিসহ একটি শুটারগান ও একটি ছুরিসহ তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলেন- গুলিবিদ্ধ দোস্ত মোহাম্মদ অপু (৩০), রানা (২৫) ও মো. রনি (২৫)। কালিয়াকৈর থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. আবু তাহের জানান, রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব সদস্যরা অস্ত্রের ক্রেতা সেজে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মোড়ের একটি রেস্তোরাঁয় যায়। ক্রেতার আড়ালে র‌্যাব অভিযান চালাচ্ছে টের পেয়ে অপু কোমর থেকে শুটারগান ও রানা একটি ছোরা বের করে হামলার চেষ্টা করেন। এ সময় র‌্যাব সদস্যরা গুলি ছুড়লে অপু ডান পায়ে গুলিবিদ্ধ হন। তাকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এসআই জানান, জিজ্ঞাসাবাদ শেষে রাত সাড়ে ৩টার দিকে রানা ও রনিকে কালিয়াকৈর থানায় সোপর্দ করে র‌্যাব। আটক তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৮ ঘ.