ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শোক প্রস্তাব উত্থাপনের পর নবম জাতীয় সংসদের সপ্তম অধিবেশন মুলতবি হয়েছে।
স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এ অধিবেশন আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে। দিনের কার্যক্রম শুরু হবে বেলা ৩টায়।
বিরোধী দলের অনুপস্থিতিতেই বিকাল সোয়া ৪টায় স্পিকারের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
স্পিকারের বক্তব্য এবং শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে ৫টায় অধিবেশন মুলতবি হয়। প্রয়াত সংসদ সদস্য দেওয়ান ফরিদ গাজীর ওপর আলোচনা করেন কয়েকজন সংসদ সদস্য।
চতুর্থ অধিবেশন থেকেই বিএনপি লাগাতারভাবে সংসদ বর্জন করে আসছিলো। শনিবার স্পিকারের সঙ্গে আলোচনা হলেও বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক রোববার দুপুরে স্পিকারকে টেলিফোনে জানান, তারা সংসদের এ অধিবেশনে যোগ দিচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/আরএ/এমআই/১৭১৫ ঘ.
bdnews24