২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলাকায় দল থেকেই বাধা পাচ্ছেন দীপু মনি

নিজের এলাকায় আওয়ামী লীগেরই একটি অংশ বিভিন্ন কাজে বাধা দিচ্ছে বলে অভিযোগ করলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2010, 07:22 AM

Updated : 25 Aug 2022, 07:45 PM

চাঁদপুর, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজের এলাকায় আওয়ামী লীগেরই একটি অংশ বিভিন্ন কাজে বাধা দিচ্ছে বলে অভিযোগ করলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করলেও কারা বাধা সৃষ্টি করছে তা জানাননি তিনি। শনিবার রাতে সরকারি ডাক বাংলোয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে স্থানীয় পর্যায়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরেন সাংবাদিকরা। এসব বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি বলেন, "সংসদ নির্বাচনের আগ থেকেই দলের একটি অংশ আমার বিরোধিতা করছে। তারা নানাভাবে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। এরপরও দলের স্বার্থে আমি সবার সঙ্গে কাজ করতে আন্তরিকভাবে চেষ্টা করছি।" "কিন্তু দলের ওই অংশটি এখনো নানাভাবে আমার ক্ষতি করার চেষ্টা করছে", বলেন তিনি। চাঁদপুর-৩ নির্বাচনী এলাকা (চাঁদপুর সদর-হাইমচর) থেকে প্রথমবার নির্বাচন করে প্রথম বারেই মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ স্থানে আসেন দীপু মনি। বৈঠকে ভাঙন রক্ষায় প্রায় ২৮৩ কোটি টাকার প্রকল্পে নানা অনিয়মের কথা তুলে ধরেন গণমাধ্যমকর্মীরা। জবাবে দীপু মনি বলেন, "নদী ভাঙন প্রতিরোধকল্পে যে কাজ শুরু হয়েছে তা তদারকির দায়িত্ব সবার। এই কাজে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না।" সেদিন সকালে মন্ত্রী সদর উপজেলার ইব্রাহিমপুর এলাকায় নদীতীর সংরক্ষণ কাজ উদ্বোধন ও পরিদর্শন করেন। চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর হতে সাখুয়া পর্যন্ত নদীতীর রক্ষায় ৯ গ্র"পে ১৫৫ কোটি ৭১ লাখ ৮৪ হাজার টাকার প্রকল্প কাজের দরপত্র ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। সাংবাদিকরা অভিযোগ করেন, সরকারি বিভিন্ন দপ্তরে দরপত্রে অনিয়মের খবর প্রকাশে সরকারি দলের নেতাদের কাছ থেকে বাধা আসছে। বৈঠকে ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি চাঁদপুর সদর হাসপাতালের নানা অনিয়মের কথা জানানো হয় দীপু মনিকে। জেলা স্বাস্থ্য বিভাগ ও সরকারি হাসপাতালে লোকবল নিয়োগে অনিয়ম প্রসঙ্গে দীপু মনি বলেন, "কেউ কেউ আমার নাম ব্যবহার করে সিভিল সার্জন অফিসে নানা অনিয়ম করার চেষ্টা করতে পারে।" তবে নিয়োগের ক্ষেত্রে কিছু সুপারিশ করার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, "যাকে নেওয়া হবে, তাকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অবশ্যই পাস করতে হবে এবং যোগ্যতাসম্পন্ন হতে হবে।" এলাকায় নিয়মিত না যাওয়ার যে অনুযোগ রয়েছে, সে বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, "জনবিচ্ছিন্ন কথাটি পুরোপুরি ঠিক নয়। আমি প্রতিমাসে অন্তত দু-একবার এলাকায় আসি। এমনও অনেক মন্ত্রী রয়েছেন, যারা নিজ এলাকায় ৫-৬ মাসে একবারও যান না।" বৈঠকে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া জীবন, সহ-সভাপতি শাহ মো. মাকসুদুল আলম, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বি এম হান্নান, সাংবাদিক আব্দুল আউয়াল রুবেল, জি এম শাহীন, কে এম মাসুদ, মিজানুর রহমান। এ পররাষ্ট্রমন্ত্রীর বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ানও বৈঠকে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩২০ ঘ.