ঝিনাইদহ, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদর উপজেলায় প্রতিবেশীর মারপিটে মারা গেছেন এক ব্যক্তি।
নিহতের নাম সলেমান হোসেন (৪০)। সোনাদহ গ্রামের সলেমান শনিবার রাতে মারা যান বলে পুলিশ জানিয়েছে।
সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সকালে গ্রামের শাহাদত হোসেনের গরু সলেমানের ক্ষেতের ফসল খায়। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়।
ওই ঘটনার জের ধরে সন্ধ্যায় সলেমানের ওপর শাহাদত ও তার সঙ্গীরা হামলা চালায় বলে ওসি জানান।
মুমূর্ষু অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে সলেমানের মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, সলেমানের স্ত্রী রহিমা খাতুন বাদি হয়ে চার জনের বিরুদ্ধে হত্যামামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১০০ ঘ.
bdnews24