ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী ও বরিশালে শনিবার সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে রাজশাহী নগরীর শালবাগান এলাকায় ট্রাকচাপায় লালন (২২) এবং বরিশাল সদর উপজেলায় দুই বাইসাইকেল আরোহী মো. মহসিন (৩৫) ও তার ভাগ্নে নজরুল ইসলাম (২৫) মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাজশাহী প্রতিনিধি জানান, সন্ধ্যা ৭টার দিকে রাজশাহীগামী একটি ট্রাক শালবাগান এলাকায় পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে লালনের মৃত্যু হয়।
এ সময় ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় নগরীর রেলগেট গৌরহাঙ্গা মোড়ে একটি রিকশা ও একটি বাইসাইকেলকে ধাক্কা দিলে রিকশা আরোহী রুপা (২৩) ও পারভিন (৪৫) এবং সাইকেল আরোহী জাকির (৩৫) আহত হন। তাদের বাড়ি গৌরহাঙ্গা এলাকায়।
পুলিশ লালনের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
নির্মাণ শ্রমিক লালনের বাড়ি পবা উপজেলার নওহাটা নামোপাড়া গ্রামে বলে পুলিশ জানিয়েছে।
নগরীর বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাকটি আটকের জন্য নগরীর বিভিন্ন স্থানে বেতার বার্তা পাঠনো হয়েছে। এ ঘটনায় বোয়ালিয়া থানায় মামলা হবে।
বরিশাল প্রতিনিধি জানান, সন্ধ্যায় বরিশাল-ভোলা সড়কে সদর উপজেলার কুন্ড বাড়ির পোল এলাকায় নিহত হন দুই সাইকেল অরোহী। আহত হন অন্তত ১৫ জন।
আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সদর থানার ওসি মো. ফিরোজ আহম্মেদ বলেন, কুণ্ডবাড়ির পোল এলাকায় একটি সাইকেল বিপরীতমুখী একটি দ্রুতগামী বাসের সামনে পড়ে। এ সময় বাসটি থামাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলটিকে চাপা দেয় এবং রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাশের খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলে মহসিনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যান নজরুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২৩২০ ঘ.
bdnews24