ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈচিত্র্যই জীবন- এ স্লোগানকে সামনে রেখে প্রতিবন্ধিতা বিষয়ক প্রথম জাতীয় চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে।
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, সাইটসেভার্স ও জাতীয় প্রতিবন্ধী ফোরাম যৌথভাবে পাঁচদিনব্যাপী এ চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে।
প্রতিদিন সকাল ১০টায়, দুপুর ১টায়, বিকেল ৪টায় এবং সন্ধ্যা সাড়ে ৬টায় চারটি সেশনে টিএসসি অডিটোরিয়াম ও পাবলিক লাইব্রেরী মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "প্রতিবন্ধিতা কোনো ব্যাধি নয়, অভিশাপও নয়। তারা আমাদেরই আপন জন। তাদের ও সুস্থ মানুষদের মাঝে যে আচরণের দেয়াল উঠেছে তা উপড়ে ফেলতে হবে।"
প্রতিবন্ধী ও সুস্থদের মাঝে যে ব্যবধান আমাদের সমাজে তৈরি হয়ে আছে তা মুছে ফেলার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, "প্রতিবন্ধিতা বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে দর্শকরা প্রতিবন্ধীদের প্রতি নিজেদের আচরণ পরিবর্তনের বিষয়ে শিক্ষা নিতে পারবে।"
তিনি আরো বলেন, "আমরা প্রতিবন্ধী কল্যাণ আইন করছি। এটা প্রণয়নের পর বাস্তবায়নের মাধ্যমে প্রতিবন্ধীদের সামাজিক মর্যাদা সুরক্ষা পাবে।"
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক জানান, বিশ্ববিদ্যালয়ের যে কোন একটি বিভাগ বা ইনস্টিটিউটে 'ইশারা ভাষা' কোর্স খোলা হবে।
তিনি আরো বলেন, "প্রতিবন্ধীরা যদি একটু মানসিক শক্তি পায় তাহলে তারা সবকিছু অর্জন করতে পারবে।"
জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি খন্দকার জহুরুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাবির ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, সাইটসেভার্স বাংলাদেশের পরিচালক ডা. ওয়াহেদুল ইসলাম, ডিজাবিলিটি রাইটস ওয়াচ গ্র"পের আহ্বায়ক কাজী রোজী ও ঢাবি চলচ্চিত্র সংসদের সভাপতি রিপন কুমান দাশ ধ্র"ব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২৩০৯ ঘ.
bdnews24