ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় দিবসগুলো নিজ নিজ নির্বাচনী এলাকায় যথাযথভাবে পালন করতে ঢাকার সাংসদদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি সাংসদদের প্রতি তাদের নিজ নিজ এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড আরো জোরদার করার নির্দেশ দিয়েছেন।
শেখ হাসিনা শনিবার সন্ধ্যায় গণভবণে ঢাকার সাংসদদের সাথে বৈঠককালে এই নির্দেশ দেন।
প্রায় দু'ঘণ্টা স্থায়ী এই বৈঠকে ঢাকার বিশটি আসনের মধ্যে কেবল ঢাকা-৪ আসনের সাংসদ বেগম সানজিদা খানম, ঢাকা-৯ আসনের সাংসদ সাবের হোসেন চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের সাংসদ হুসেইন মুহম্মদ এরশাদ এবং স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা-১৮ আসনের সাংসদ সাহারা খাতুন উপস্থিত ছিলেন না।
বৈঠক শেষে ওয়ার্কার্স পার্টির সভাপতি ও ঢাকা-৮ আসনের সাংসদ রাশেদ খান মেনন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটা একটা নিয়মিত বৈঠকের মতো ছিলো। বৈঠকে জনগণের সাথে আমাদের আরো সম্পৃক্ত হওয়ার কথা বলা হয়েছে। এছাড়া বিভিন্ন জাতীয় দিবস পালনের কথাও বলা হয়েছে।"
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের এক সাংসদ বলেছেন, "উন্নয়ন কর্মকাণ্ডে কোথায় বাধা সৃষ্টি হচ্ছে আমরা প্রধানমন্ত্রীকে তা জানিয়েছি। প্রধানমন্ত্রী বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন। এছাড়া ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আমরা ঢাকা সিটি কর্পোরেশনকে ভেঙে দু'ভাগ করার কথা বলেছি। প্রধানমন্ত্রী এ বিষয়ে আইন সংশোধনের প্রয়োজনের কথা বলেছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/২২০৫ ঘ.
bdnews24