লালমনিরহাট, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি জমি দখল করে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগে লালমনিরহাট জেলায় একটি বেসরকারি সংস্থার (এনজিও) পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আনজুরুল হক মিন্টু কালিগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের চাকলারহাটের 'অরণ্য আলোকিত' নামের এনজিওর নির্বাহী পরিচালক। তার বাবার নাম হাফিজ উদ্দিন।
শুক্রবার রাতে সাড়ে ১১টার দিকে চাকলারহাট থেকে মিন্টুকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
কালিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ জেড এম এরশাদ আহসান হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিন্টু একজন ভূমিদস্যু। তিনি বাজার এলাকায় সরকারের ১ একর জায়গা দখল করে একটি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করেন।
কালিগঞ্জ থানার ওসি প্রজিৎ কুমার রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় মিন্টুর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
গোড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) গজর উদ্দিন পাটোয়ারী জানান, জমিটি দখল করে মিন্টু দীর্ঘদিন ভোগ করছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এজে/১৩৫০ ঘ.
bdnews24