কক্সবাজার, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপন সভা করার অভিযোগে কক্সবাজারে ১১ শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার বিকালে শহরতলীর উত্তরণ আবাসন প্রকল্প এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- আতিকুর রহমান, শামসুল আলম, মোহাম্মদ আরাফাত, সালাহউদ্দিন, নাজমুল হুদা তারেক, মোহাম্মদ জামিল, মোহাম্মদ হাবিব, মকসুদুর রহমান, মোহাম্মদ আসিফ, ওসমান সরওয়ার ও মোহাম্মদ ফরহাদ।
তারা সবাই কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র।
কক্সবাজার মডেল থানার ওসি মোহাম্মদ শাহজাহান সাংবাদিকদের বলেন, উত্তরণ আবাসন প্রকল্পের নীরব এলাকায় গোপন সভা করার সময় এই ১১ তরুণকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের এই ছাত্ররা ইসলামি ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ত।
এদের আপাতত ৫৪ ধারায় গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ছাত্রশিবিরের কক্সবাজার জেলা সভাপতি কামরুল হাসান বলেন, কোনো কারণ ছাড়াই তাদের ১১ কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তারা উত্তরণ এলাকায় বেড়াতে গিয়ে গান করছিল।
তিনি আরো বলেন, গ্রেপ্তার সবাই শিবিরকর্মী এবং তাদের সহযোগী সাংস্কৃতিক সংগঠন 'অনির্বাণ শিল্পী গোষ্টী'র সদস্য। তারা কোনো গোপন বৈঠকে যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৬ ঘ.
bdnews24