শেরপুর, ডিসেম্বর ০২ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেরপুরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর গাড়ি ভাংচুর ও হামলার ঘটনায় তিনটি মামলা হয়েছে।
বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে সদর থানায় দুটি এবং আদালতে একটি মামলা হয়।
জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মো. আনিসুর রহমান সাংবাদিকদের জানান, বুধবার রাতে শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন বাদি হয়ে সন্ত্রাস দমন আইনে একটি মামলা করেন।
এ মামলায় উপজেলা চেয়ারম্যান ইলিয়াস উদ্দিনসহ ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪০০ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কামারের চর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম একটি মামলা করেন।
এ মামলায় ইলিয়াসসহ ৪৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৫০ জনকে আসামি করা হয়।
শেরপুরের বিচার বিভাগীয় হাকিম আদালতে আরেকটি মামলা করেছেন মো. মোফাজ্জল হোসেন নামে এক ব্যক্তি। তিনি ইলিয়াস সমর্থক বলে পরিচিত।
এই মামলায় শেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি মো. আতিউর রহমান আতিক এবং জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবসহ আটজনকে আসামি করা হয়েছে।
আদালতের বিচারক মোহাম্মদ ইকবাল বাহার মামলাটি গ্রহণ করে শেরপুর সদর থানার ওসিকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
বুধবার শেরপুর সদর উপজেলার কামারের চর কলেজ মাঠে পানিসম্পদ প্রতিমন্ত্রীর সভা শেষে মঞ্চের কাছে উপজেলা চেয়ারম্যান ইলিয়াস অন্য একটি সভা করার সময় সংঘর্ষ বাঁধে।
এ সময় আওয়ামী লীগের নেতাকর্মী ও উপজেলা চেয়ারম্যান সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এতে ইলিয়াস ও তিন সাংবাদিকসহ ২৫ জন আহত হয়।
এরপর কামারের চর কলেজ মাঠ ত্যাগ করার সময় পানিসম্পদ প্রতিমন্ত্রীর গাড়ির বহরে হামলা চালিয়ে প্রতিমন্ত্রীর গাড়ি ও সাংবাদিক বহনকারী গাড়ি ভাংচুর করা হয়।
এ ঘটনার জের ধরে বিকালে কামারের চর এলাকায় কয়েকটি বাড়ি-ঘরে হামলা ও লোকজনকে মারধরের ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১৪০ ঘ.
bdnews24