২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রন্ধনশিল্পীদের সম্মাননা দিলো কারিলাইফ

শেফ অর্থাৎ রন্ধনশিল্পীরা হলেন রেস্তোরাঁ ব্যবসার মধ্যমনি। নেপথ্যের এ কাররিগরদের সম্মাননা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে কারিলাইফ ম্যাগাজিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2010, 12:31 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

লন্ডন, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেফ অর্থাৎ রন্ধনশিল্পীরা হলেন রেস্তোরাঁ ব্যবসার মধ্যমনি। নেপথ্যের এ কাররিগরদের সম্মাননা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে কারিলাইফ ম্যাগাজিন। লন্ডনের ডকল্যান্ডে শেফদের সম্মাননা অনুষ্ঠানে এ কথা বলেন বক্তারা। মঙ্গলবার রেডিসন এডওয়ার্ডিন হোটেলের এ অনুষ্ঠানে ১০ জন শেফকে সম্মাননা দেওয়া হয়। এছাড়া লন্ডনে ৫৬ বছর আগে প্রতিষ্ঠিত বাংলাদেশি রেস্তোরাঁ 'শাহবাগ রেস্টুরেন্ট'র মালিক জয়নাল আবেদিনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে ঢাকা শেরাটন হোটেলকে 'বেস্ট কাস্টমার সার্ভিস অ্যাওয়ার্ড' এবং বাংলাভিশনের সাংবাদিক জাহিদা রহমানকে 'অ্যাওয়ার্ড অব এক্সেলেন্স' দেওয়া হয়। অনুষ্ঠানে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ম্যারি হানিবল বলেন, "বাংলাদেশি কমিউনিটির অবদান ব্রিটিশ অর্থনীতিতে ব্যাপক। বিশেষ করে রেস্তোরাঁ ব্যবসাকে তারা একটি শিল্পে পরিণত করেছেন।" বাংলাদেশি রেস্তোরাঁর প্রশংসা করেন সাবেক পার্লামেন্ট সদস্য রবার্ট ইভান্সও। ঢাকায় সাবেক ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশি বংশোদ্ভুত আনোয়ার চৌধুরী বলেন, "আমি নিজেকে কারির একজন দূত মনে করি। ছাত্র থাকাকালে আমি শেফদের সঙ্গে কাজ করেছি। তাদের ভ্রাতৃত্ববোধ খুব ভালো। ব্রিটিশ বাংলাদেশিদের সাফল্য এক্ষেত্রে অতুলনীয়।" যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদুর রহমান খান কারিলাইফ ম্যাগাজিনের উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কারিলাইফ ম্যাগাজিনের প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা। বক্তব্য রাখেন কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের চেয়ার টনি লি, বাংলা বিয়ারের মালিক ও ফেস্টিভ্যালের স্পন্সর রবিন গ্রে, সৈয়দ ডানিয়েল পাশা প্রমুখ। অনুষ্ঠানে যে খাবার পরিবেশিত হয়, তা তৈরি করেন সিলেটের মৌলভীবাজারের একজন শেফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮২৫ ঘ.