ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য অসমতা কমিয়ে আনতে জাপানি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাপান সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাপানের নিউ ওতানিতে মঙ্গলবার তার সম্মানে ওসাকার গভর্নর তরু হাশিমোতোর দেওয়া নৈশভোজে প্রধানমন্ত্রী বলেন, "আপনাদেরকে আমাদের উদার বিনিয়োগ নীতির সুযোগ নিয়ে সম্ভাবনাময় বিদ্যুৎ, নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ, আইটি, অবকাঠামো, পরিবহন ও বস্ত্রখাতে বিনিয়োগে এগিয়ে আসা উচিত।"
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী কর অবকাশ, যন্ত্রপাতি আমদানিতে রেয়াতি শুল্ক, রয়ালটি মওকুফ, শতভাগ বিদেশি ইক্যুইটি অনুমোদন, অবাধ নিষ্ক্রমণ নীতি এবং নিষ্ক্রমণকালে লভ্যাংশ ও মূলধনের পূর্ণ পুনঃপ্রেরণ সুবিধাসহ সরকারের উদার বাণিজ্য নীতির বিভিন্ন সুযোগ-সুবিধা তুলে ধরেন।
জাপানকে বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্য অংশীদার হিসাবে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে জাপানের রপ্তানির পরিমাণ একশ' চার কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বিপরীতে বাংলাদেশ থেকে জাপানে আমদানির পরিমাণ মাত্র ৩৩ কোটি মার্কিন ডলার। ফলে বাণিজ্যিক ভারসাম্য জাপানের অনুকূলে।
তিনি বলেন, "বাংলাদেশে জাপানি বিনিয়োগ ও জাপানি শিল্প-কারখানা স্থাপনের মাধ্যমে এই অসমতা দূর করার প্রয়োজনীয়তার ব্যাপারে আপনাদের দ্বিমত থাকার কথা নয়।"
শেখ হাসিনা বলেন, জাপান এক্সটার্নাল ট্রেড অ্যাসোসিয়েশন (জেট্রো) জাপানের জন্য বাংলাদেশকে এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহৎ লাভজনক ব্যবসায়িক স্থান মনে করে। অন্যদিকে শতকরা ৮৭ ভাগ জাপানি ব্যবসায়ী বাংলাদেশে লগ্নি করতে প্রস্তুত আছেন।
প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের জানান, দেশে অবকাঠামোগত উন্নয়ন বিশেষত মহাসড়ক, পাতাল রেল, মনোরেল, রেলপথ, বিদ্যুৎ কেন্দ্র ও সেরা মানের আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে তার সরকার সরকারি-বেসরকারি অংশিদারিত্বের নীতি নিয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান, বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ড. এসএ সামাদ, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্যসচিব এমএ করিম, পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস, প্রেস সচিব আবুল কালাম আজাদ ও এফবিসিসিআই'র সভাপতি একে আজাদ এবং উল্লেখযোগ্য সংখ্যক জাপানি ব্যবসায়ী নৈশভোজে অংশ নেন।
শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনেতাদের প্রতি আহ্বান
শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব নেতাদের ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়তে জাপানের প্রতি বাংলাদেশের সমর্থন অবিচল বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী হিরোশিমা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাপান-বাংলাদেশ মৈত্রী সমিতি এবং হিরোশিমা শান্তি ও সংস্কৃতি ফাউন্ডেশনের দেওয়া সংবর্ধনায় একথা বলেন।
জাপান-বাংলাদেশ মৈত্রী সমিতির সভাপতি মুওশি নারাও অনুষ্ঠানে বক্তব্য দেন।
১৯৪৫ সালের ৬ সেপ্টেম্বর কালো দিনে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা দু'টি পারমাণবিক বোমায় নিহত লাখ লাখ মানুষের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শেখ হাসিনা বলেন, "হিরোশিমার বিভীষিকা আমাদেরকে অবিরত বিশ্ব শান্তির জন্য প্রয়াস চালানোর কথা স্মরণ করিয়ে দেয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২৩৩৪ ঘ.
bdnews24