২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবি উপাচার্য আবু ইউসুফের দাফন সম্পন্ন

দুইদফা নামাজে জানাজা শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রয়াত উপাচার্য ড. আবু ইউসুফ আলমকে সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2010, 05:18 PM

Updated : 25 Aug 2022, 07:42 PM

চট্টগ্রাম, ২৯ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুইদফা নামাজে জানাজা শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রয়াত উপাচার্য ড. আবু ইউসুফ আলমকে সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে প্রথম ও বাদ আছর নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মনজুর আলম, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, সাংসদ আবুল কাশেম মাস্টার ও মাওলানা শামসুল ইসলাম, বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেযারম্যান অধ্যাপক আবু জাফর চৌধুরী, চবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী এবং সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজার শুরুতে মুক্তিযোদ্ধা শিক্ষক আবু ইউসুফকে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে নামাজে জানাজায় অংশ নিতে এসে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, "অধ্যাপক আবু ইউসুফ চলে যাওয়ায় আমরা মর্মাহত। আমি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। তার মৃত্যুতে জাতি একজন গুরুত্বপূর্ণ শিক্ষাবিদকে হারালো। জানাজা শেষে আবু ইউসুফের প্রতি বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ শেষ শ্রদ্ধা জানান। রোববার রাত ১০ টা ২৫ মিনিটে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে অধ্যাপক আবু ইউসুফ আলম (৬৭) মারা যান। মৃত্যুকালে অধ্যাপক আবু ইউসুফ স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। ১৯৪৩ সালে হাটহাজারীতে জন্ম নেন আবু ইউসুফ। ১৯৭৩ সালে চবি'র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন তিনি। এছাড়া চট্টগ্রামে মুক্তিযুদ্ধের স্বপক্ষসহ পেশাজীবীদের অধিকার রক্ষার সব আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। উপাচার্যের মৃত্যুতে সোমবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিনদিনের শোক দিবস পালন করা হচ্ছে। ড. আবু ইউসুফের মৃত্যুতে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দা সাজেদা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির, নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস, চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এইচএ/২২৫৮ ঘ.