ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বৈত নাগরিকত্বের অধিকারী বাংলাদেশিদের নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ না দিতে সুপারিশ করেছে আইন, বিচার ও সংসদ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।।
এ সুপারিশসহ ভোটার তালিকা আইন-২০১০ সংশোধনী বিষয়ে প্রতিবেদন চূড়ান্ত করেছে স্থায়ি কমিটি।
সোমবার স্থায়ী কমিটির বৈঠক শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, "প্রস্তাবিত ভোটার তালিকা আইনে প্রবাসীদের ভোটার করলেও বাংলাদেশী দ্বৈত নাগরিকদের নির্বাচনে প্রার্থী হিসাবে অংশ নেওয়ার সুযোগ না দেওয়ার সুপারিশ করা হয়েছে।"
প্রবাসী বাঙালিদের ভোটার করতে বিদ্যমান আইনে সংশোধনের জন্য এ প্রতিবেদনটি করা হয়।
সুরঞ্জিত জানান, সংসদের আগামী অধিবেশনে সংশোধিত বিলটি উত্থাপন করা হবে।
"সংসদে আইনটি পাশ হলে প্রবাসী বাঙালিরা ভোটার হতে পারবেন। তবে দ্বৈত নাগরকিরা ভোটার হলেও নির্বাচনে অংশ নিতে পারবে না," বলেন তিনি।
প্রবাসীদের ভোটার করার বিষয়ে নির্বাচন কমিশন এ বছর সরকারের কাছে আইন সংশোধনের প্রস্তাব পাঠায়। গত সেপ্টেম্বরে মন্ত্রিপরিষদ এ প্রস্তাবনার নীতিগত অনুমোদন দেয়।
গত সংসদ অধিবেশনে প্রস্তাবটি বিল আকারে উপস্থাপন করা হয়।
সুরঞ্জিত বলেন, আদালত অবমাননার দায়ে সাংবাদিকদের গ্রেপ্তারের আগে তাদের বিরুদ্ধে সমন জারির সুপারিশ করেছে কমিটি।
এ জন্য 'কোড অব ক্রিমিনাল প্রসিডিউর-১৮৯৮' সংশোধন করার বিষয়েও কমিটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠেয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে।
তবে এর আগে জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোটার্স ইউনিটি ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতাদের মতামত নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসআই/জেবি/পিডি/২০৪৫ ঘ.
bdnews24