শহীদুল ইসলাম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজারে এসেছে শীতের পোশাক। রাজধানীর অভিজাত শপিংমল থেকে শুরু করে ফুটপাতের দোকানগুলোতে শীতের পোশাক শোভা পাচ্ছে।
ব্যবসায়ীরা বলেছেন, এখন পর্যন্ত তারা আশানুরূপ ক্রেতা পাচ্ছেন না। তাদের প্রত্যাশা, আগামী মাসের মাঝামাঝি জমে উঠবে এই বাজার।
আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দেশে শীতের আমেজ শুরু হয়েছে। রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। ডিসেম্বরের মাঝামাঝি থেকে ধীরে ধীরে শীতের তীব্রতা বাড়বে। তবে এবার অপেক্ষাকৃত কম শীত অনুভূত হতে পারে।
ব্যবসায়ীরা জানান, অন্যান্য বছর নভেম্বরের শুরুতেই শীতের পোশাক বেচাকেনা জমে উঠে। এবার তা না হওয়ায় তারা খানিকটা হতাশ।
বসুন্ধরা সিটি শপিংমল-এর কাপড়ের দোকানগুলোতে ব্লেজার, কোট, জ্যাকেট ও ফুলহাতা টি-শার্ট বিক্রির জন্য রেখেছেন ব্যবসায়ীরা। এসব দোকানে দেশে তৈরি বিভিন্ন ব্র্যান্ডের পাশাপাশি আরমানি, হিউগোবস, হোপনার এবং ভেরি ব্র্যান্ডের ব্লেজার ও কোট রয়েছে।
এই শপিংমলের বিভিন্ন দোকানে দুই হাজার থেকে শুরু করে ষাট হাজার টাকা দামের পর্যন্ত ব্লেজার ও কোট রয়েছে।
বসুন্ধরা শপিংমলের দোকানগুলোতে পুরুষদের পোশাকের পাশাপাশি নারীদের জ্যাকেট, ব্লেজারসহ শিশুদের বিভিন্ন ধরনের শীতের পোশাকও কম বিক্রি হচ্ছে।
এলিফ্যান্ট রোড এলাকার শপিংমলগুলোতেও ব্লেজার, কোট, জ্যাকেট, সোয়েটার ও চাদর রেখেছেন দোকানিরা।
নিউমার্কেট ও ধানমণ্ডি হকার্স মার্কেটের ব্যবসায়ীরা কম দামের শীতের বিভিন্ন পোশাক বিক্রির জন্য রেখেছেন। এখানকার দোকানগুলোতে সব বয়সের লোকদের জন্য গরম কাপড়, চাদর, ওলের টুপি ও কম্বল রয়েছে।
নিউমার্কেট এলাকার দোকাগুলোতে এক হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে ছেলেমেয়েদের শর্ট-ব্লেজার ও জ্যাকেট পাওয়া যাচ্ছে।
আর নিু আয়ের মানুষ বেশি ভীড় করছেন ধানমণ্ডির হকার্স মার্কেটে। এখানে পঞ্চাশ টাকা থেকে শুরু করে দুই হাজার টাকার মধ্যে বিভিন্ন ধরনের শীতের পোশাক বিক্রি হচ্ছে।
বঙ্গবাজার ও নিউমার্কেট এলাকার বেশকিছু দোকানে বিদেশী কম্বল বিক্রি করছেন ব্যবসায়ীরা। এগুলো দাম দুই হাজার থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত রয়েছে।
ফুলবাড়িয়া এনেক্সকো টাওয়ারে কম্বল বিক্রেতা সিরাজুল জানান, কম্বল পাইকারি বিক্রি শুরু হয়েছে। ডিসেম্বরে খুচরা বিক্রি বাড়তে পারে বলে তিনি মনে করেন।
রাজধানীর গুলিস্তান, নিউমার্কেট, ফার্মগেট, মিরপুরসহ বিভিন্ন এলাকায় ফুটপাতের দোকানগুলোতে শীতের পোশাক সাজিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তবে শীত বেশি না থাকায় ফুটপাতেও শীতের পোশাক তুলনামূলক কম বিক্রি হচ্ছে বলে জানান তারা।
এলিফ্যান্ট রোড এলাকার একটি দোকানের শাখা ব্যবস্থাপক জুলফিকার হায়দার বলেন, "বেশি শীত না থাকায় এমনিতেই শীতের পোশাকের বিক্রি কম। এর মধ্যে হরতালের কর্মসূচি থাকায় বিক্রি আরো কমে গেছে।
বসুন্ধরা সিটি শপিংমলের একটি দোকানের বিক্রয় কর্মকর্তা আবুল হোসেন বলেন, "শীত বাড়ার সাথে সাথেই শীতের পোশাকের বিক্রি বেড়ে যাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/কেএমএস/১৪৪৪ ঘ.
bdnews24