ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বংশালে সোমবার ভোররাতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবকের মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহত টিপু ওরফে কিলার টিপু (২১) বংশালের ২১ নং বাঘদাশা লেনের আয়াতুল্লাহর ছেলে।
র্যাব বলছে, টিপু ছিনতাইকারী ছিলেন।
র্যাব-১০ এর উপ-পরিচালক মেজর কিসমত হায়াৎ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোররাত ৪টার দিকে লঞ্চের যাত্রীবেশে র্যাবের দুই সদস্য আরমানিটোলা মাঠ সংলগ্ন গলি দিয়ে রিকশায় যাচ্ছিলেন।
তিনি বলেন, "এ সময় তিন ছিনতাইকারী তাদের রিকশার গতিরোধ করে তল্লাশি চালায়। এক পর্যায়ে তারা টের পায় রিকশার আরোহীরা র্যাব সদস্য। এ সময় তারা একটু পিছু হটে র্যাব সদস্যদের লক্ষ করে গুলি চালায়। এর মাঝে ওই রিকশাকে অনুসরণরত র্যাবের আরো কয়েকজন সদস্য দুইটি রিকশা নিয়ে সেখানে পৌঁছায়।
"এ পর্যায়ে তারা ছিনতাইকারীদের লক্ষ করে গুলি চালায়। এক পর্যায়ে একজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। বাকিরা পালিয়ে যায়।"
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।
বংলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ময়না তদন্তের জন্য টিপুর লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এজে/১০০০ ঘ.
bdnews24