ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সেনানিবাসের মইনুল সড়কের বাড়ি নিয়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার করা চারটি আলাদা আবেদনের শুনানি শুরু হয়েছে।
আবেদনগুলোর মধ্যে রয়েছে বাড়ি ছাড়া নিয়ে হাইকোর্টের রায় স্থগিত আবেদন, ওই রায়ের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানি, ওই বাড়ি থেকে 'উচ্ছেদের মাধ্যমে' আদালত অবমাননার আবেদন এবং বাড়িটি আগের অবস্থায় ফেরত চেয়ে করা আবেদন।
প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চে সোমবার সকাল ৯টা ৩৫ মিনিটে এ শুনানি শুরু হয়।
শুনানিতে সরকারপক্ষে আছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদার পক্ষে আছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহাবুব হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ।
এ শুনানি উপলক্ষে আদালতের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে; প্রধান ফটকে দায়িত্ব পালন করছেন র্যাব সদস্যরা।
িে
ওদক, সেনানিবাসের বাড়ি ছাড়ার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল আবেদনের শুনানিকে কেন্দ্র করে হত্যার হুমকি দেওয়া হয়েছে রাষ্ট্রপক্ষের শীর্ষ আইন কর্মকর্তাকে।
আপিল আবেদনের রায় খালেদার পক্ষে না গেলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে ধারাবাহিক বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে। রোববার বিকেল সাড়ে ৪টায় ৯৭১৫০৭৬১ নম্বর থেকে এ হুমকি দেওয়া হয়।
গত ১০ নভেম্বর বাড়ি নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল আবেদনের শুনানি ২৯ নভেম্বর পর্যন্ত মুলতবি করে আপিল বিভাগ।
খালেদার কৌঁসুলি টিএইচ খানের মুলতবি আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ ওই আদেশ দেয়।
এর আগে ১৩ অক্টোবর সরকারের দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদার করা রিট আবেদন খারিজ করে হাইকোর্ট। একই সঙ্গে একমাসের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদাকে ওই বাড়ি ছাড়তেও বলা হয়।
হাইকোর্টের ওই আদেশের পর গত ১৩ নভেম্বর ক্যান্টনমেন্ট বোর্ড বাড়িটি খালি করে। তবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অভিযোগ করেন, তাকে জোর করে সেনানিবাসের বাড়ি বের করে দেওয়া হয়েছে। অবশ্য আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর দাবি করেছে খালেদা জিয়া স্বেচ্ছায় বাড়ি ছাড়েন।
খালেদাকে ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে 'উৎখাতের' প্রতিবাদে গত ১৪ নভেম্বর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালও ডাকে বিএনপি।
এরপর গত ২৩ নভেম্বর বাড়ি খালি করার মাধ্যমে আদালত অবমাননা ও বাড়িটি আগের অবস্থায় ফেরত চেয়ে আলাদা দুটি আবেদন করেন খালেদা ।
প্রতিরক্ষা সচিব খন্দকার আসাদুজ্জামান, মন্ত্রিপরিষদ সচিব আব্দুল আজিজ, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান শিকদার, সামরিক ভূ-সম্পত্তি অধিদপ্তরের পরিচালক মর্তুজা আহমেদ, উপপরিচালক শফিকুল আহমেদ, মিলিটারি এস্টেট অফিসার এসএম ইমদাদুল হক, সেনানিবাস বোর্ডের চেয়ারম্যান তানবীর হাসান মজুমদার এবং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক শাহীনুল ইসলামের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন খালেদা।
সেনানিবাসের ওই বাড়ি ছাড়তে চলতি বছরের এপ্রিল ও মে মাসে খালেদাকে তিন দফা নোটিশ দেওয়া হয়।
১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউজে নিহত হওয়ার পর ওই বছরের ১২ জুন অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার শহীদ মইনুল সড়কের বাড়িটি খালেদা জিয়ার নামে বরাদ্দ দেন। গত বছরের ৮ এপ্রিল ওই বাড়ির ইজারা বাতিলের সিদ্ধান্ত নেয় মন্ত্রি পরিষদ। এরপর বাড়িটি খালি করে দিতে খালেদা জিয়াকে তিন দফায় নোটিশ দেয় সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিসি/এজে/০৯৪১ ঘ.
bdnews24