২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আ. লীগ ১৭৩ দিন হরতাল দিয়েছিল'

আওয়ামী লীগের হরতাল নিয়ে কথা বলার অধিকার নেই। তারাই এদেশে হরতালের রাজনীতির সূচনা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মুবিন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2010, 05:19 PM

Updated : 25 Aug 2022, 07:42 PM

সিলেট, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের হরতাল নিয়ে কথা বলার অধিকার নেই। তারাই এদেশে হরতালের রাজনীতির সূচনা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মুবিন চৌধুরী। তিনি বলেন, চারদলীয় জোট ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ ১৭৩ দিন হরতাল দিয়েছিল। রোববার দুপুরে সিলেট নগরীর একটি হোটেলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তারা (ক্ষাতাসীন দল) অসহিষ্ণুতা ও প্রতিহিংসার রাজনীতি প্রত্যাখান না করলে দেশকে এগিয়ে নেওয়া একা কোনো দলের পক্ষে সম্ভব নয় বলেও এই বিএনপি নেতা দাবি করেন। শমশের মুবিন অভিযোগ করেন, সরকার দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার ও নির্যাতন চালিয়ে যাচ্ছে। এটা গণতান্ত্রিক সমাজে কাম্য নয়। এর ফলও শুভ হবে না। গভীর রাতে ওয়ারেন্ট ছাড়া তল্লাশি করে আইনের শাসন কায়েম করা যায় না। তিনি বলেন, ভারতকে করিডোর দেওয়া হচ্ছে। আগে প্রচার করা হচ্ছিল-এখান থেকে বাংলাদেশ সিঙ্গাপুরের সমপর্যায়ের অর্থ আয় করবে। কিন্তু ভারত যে সামান্য ফি দেওয়ার কথা তা পাওয়াও অনিশ্চিত। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের দুর্ভোগ, নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি, গ্যাস বিদ্যুৎ সঙ্কট এবং আইন শৃঙ্খলার অবনতির কারণে হরতাল ডাকা হয়েছে। সরকার চেয়ারপার্সনের বাড়ি নিয়ে ইস্যু সৃষ্টি করেছে অভিযোগ করে তিনি বলেন, টিপাইমুখ নিয়ে বিএনপি সিলেটের জনগণকে সঙ্গে নিয়ে আগামীতে বড় ধরনের কর্মসূচি দেবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, সিলেট জেলা সহসভাপতি দিলদার হোসেন সেলিম, নগর বিএনপি সভাপতি এমএ হক, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংখি প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০৭ ঘ.