নরসিংদী, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী সদর উপজেলায় বিড়ালের কামড়ে তিনজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন আছেন তিনজন।
এলাকার লোকজন জানায়, গত ১৬ নভেম্বর উপজেলার কাঠালিয়া ইউনিয়নের দড়িকান্দি গ্রামে এই ছয়জনকে একটি বিড়াল কামড় দিলে তারা অসুস্থ হয়ে পড়ে।
রোববার দুপুরে তাদের মধ্যে তিনজন মারা যায়। অপর তিনজনকে চিকিৎসার জন্য ঢাকায় মহাখালীতে সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃতরা হলেন- দড়িকান্দি গ্রামের বাচ্চু মিয়া (৪৫), তার ছেলে হাসিম (১২) এবং একই গ্রামের কবির মিয়ার মেয়ে সীমা বেগম (১৩)।
অসুস্থ হয়েছেন- ওই গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী আমেনা বেগম (৪০), রহিম মিয়া (৪০) ও কোহিনুর বেগম (১২)।
কাঠালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূর মোহাম্মদ প্রধান জানান, কামড়ানোর পর এলাকাবাসী ওই পাগলা বিড়ালটি মেরে ফেলে।
নরসিংদীর সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ বলেন, বিড়ালের কামড়ে অসুস্থ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে তিনজন।
আক্রান্তদের জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। পরে তাদের ঢাকায় পাঠানো হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিভিল সার্জন বলেন, আক্রান্তদের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। পরীক্ষার পর বলা যাবে তারা জলাতঙ্কে আক্রান্ত হয়েছে কি না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/ডিডি/২২০৫ ঘ.
bdnews24