রংপুর, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্যুৎ নিয়ে সামনের দিনগুলোতে জনরোষের আশঙ্কা প্রকাশ করেছেন বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ।
তিনি বলেন, "ইরি-বোরো মৌসুম, বিশ্বকাপ ক্রিকেট ও এসএসসি পরীক্ষা- একসঙ্গে তিনটি বিপদ আমাদের সামনে। এ সময় বিদ্যুৎ সংকট মোকাবেলার জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের একসঙ্গে কাজ করতে হবে।"
রোববার দুপুরে রংপুর জেলা প্রশাসকের সভা কক্ষে আসন্ন সেচ মৌসুমে বিদ্যুৎ ব্যবস্থাপনা বিষয়ে জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বিদ্যুৎ সচিব এ কথা বলেন।
কালাম বলেন, বিদ্যুৎ ব্যবস্থাপনার কারণে যে এলাকায় জনরোষের সৃষ্টি হবে, ভাংচুর হবে সেই এলাকায় তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করে পরিস্থিতি মোকাবেলা করতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।
রাত ৮টার পর দোকান পাট বন্ধ রাখার নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, সেচ মৌসুমে রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে।
বিশ্বকাপ ক্রিকেটের সময় বিদ্যুতের উপর নির্ভরশীল না হয়ে জেনারেটরের সাহায্যে বড় পর্দায় খেলা দেখানোর জন্য জনপ্রতিনিধিদের সহযোগিতা চান কালাম।
২০১৫ সালের আগে কোনোভাবেই পুরোপুরিভাবে বিদ্যুৎ সংকট সমাধান সম্ভব হবে না জানিয়ে তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে ৭২৫ মেগাওয়াট বিদ্যুৎ নতুন করে জাতীয় গ্রিডে যোগ হয়েছে।
কালাম জানান, আসন্ন সেচ মৌসুমের আগে আরো ৩৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া সম্ভব হবে। তারপরও প্রায় আড়াই হাজার মেগাওয়াট বিদ্যুৎ সংকট থাকবে। ফলে বিদ্যুৎ ব্যবস্থাপনার প্রয়োজন পড়বে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সময় আগাম জানিয়ে দেওয়ার পদক্ষেপ নিতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে বিদ্যুৎ কর্মকর্তাদের যোগাযোগ রাখার আহবান জানান তিনি।
মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যানরা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সঞ্চালন লাইন সংস্কারের আহবান জানান।
তারা বলেন, বিদ্যুৎ থাকলেও অনেক সময় সঞ্চালন লাইনে ক্রুটির কারণে বিদ্যুৎ পাওয়া যায় না।
সভায় আরো বক্তব্য রাখেন- পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান ভূঁইয়া শফিকুল ইসলাম, পিডিবির রংপুর বিভাগের প্রধান প্রকৌশলী অলক কুমার সরকার, রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার জসীম উদ্দিন আহম্মেদ রংপুরের জেলা প্রশাসক বিএম এনামুল হক প্রমুখ।
রংপুর ও গাইবান্ধা জেলার বিদ্যুৎ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৭ ঘ.
bdnews24