২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় 'গোপন' বৈঠক চলাকালে ৫ শ্রমিক গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় একটি অফিসে বৈঠক চলাকালে পাঁচ তৈরি পোশাক শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2010, 12:30 PM

Updated : 25 Aug 2022, 07:42 PM

সাভার, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় একটি অফিসে বৈঠক চলাকালে পাঁচ তৈরি পোশাক শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকায় বাংলাদেশ সেন্টার ফর ওয়র্কার্স সলিডারিটি (বিসিডাব্লিউএস) কার্যালয়ে পুলিশ এ অভিযান চালায়। গ্রেপ্তার হয়েছেন- ধামরাই উপজেলার শ্রীরামপুরের শহিদুল ইসলাম (২২), বাথুলী এলাকার মাসুদুর রহমান (২৪), বানিয়াপাড়া এলাকার শুকুর আলী (২২), কায়েতপাড়া এলাকার শুকুর আলী (২৬) ও তেঁতুলিয়াপাড়ার সুজন মিয়া (২৬)। এরা সবাই সাময়িক বন্ধ হয়ে যাওয়া ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পুরনো জোনের কোরিয়ান কারখানা 'অ্যাক্টর স্পোর্টিং লিমিটেড'র শ্রমিক। শ্রমিক অসন্তোষের কারণে রোববার সকালে এটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পুলিশ বলছে, পোশাক কারখানায় অসন্তোষ সৃষ্টির জন্য এরা গোপন বৈঠক করছিলেন। কিন্তু শ্রমিকরা তা অস্বীকার করেন। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন শাহ পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদে জানা যায়- মধ্য গাজিরচট এলাকায় বিসিডাব্লিউএস অফিসে দুই শতাধিক পোশাক শ্রমিক একটি গোপন বৈঠক করছিল। গার্মেন্টস শ্রমিকদের উস্কে দিয়ে নৈরাজ্য সৃষ্টির জন্য ওই বৈঠক আয়োজন করা হয়। দুপুর ১টার দিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। সভাস্থলে অ্যাক্টর স্পোর্টিং লিমিটেড'র ৪৭ জন শ্রমিকের পরিচয়পত্রও পাওয়া গেছে। ওই সভায় বিসিডাব্লিউএস'র সভাপতি কল্পনা আক্তার ও সাধারণ সম্পাদক বাবুল আক্তারও ছিলেন বলে গ্রেপ্তার শ্রমিকরা জানান। গ্রেপ্তারকৃতরা এখন আশুলিয়া থানায় রয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে গ্রেপ্তার শ্রমিকরা জানান, তারা শ্রমিক অসন্তোষের জন্য বৈঠকে বসেননি। শ্রমিকদের দাবি আদায়ের ব্যাপারে আলোচনার জন্য বৈঠকের আয়োজন করেন। ১৬ দফা দাবি নিয়ে শনিবার অ্যাক্টর স্পোর্টিং লিমিটেড'র শ্রমিকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের লোকজন ও আনসারের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়। ওই ঘটনায় রোববার সকালে কর্তৃপক্ষ কারখানাটি সাময়িক বন্ধ ঘোষণা করে ফটকে নোটিশ ঝুলিয়ে দেয়। বাংলাদেশ সেন্টার ফর ওয়র্কার্স সলিডারিটি (বিসিডাব্লিউএস) নামের প্রতিষ্ঠানটিকে সরকার বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে নিবন্ধন দেয়। কিন্তু নিবন্ধনের শর্ত ভঙ্গ করে পোশাক শিল্পের শ্রমিকদের উস্কানি দেওয়ার অভিযোগে কয়েকমাস আগে তাদের নিবন্ধন বাতিল করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৪ ঘ.