সিরাজগঞ্জ, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের সয়দাবাদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাস্থলের কাছে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় করা দুটি মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আটজন জামিন পেয়েছেন।
এরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন, আ স ম হান্নান শাহ, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ্ আমান, খালেদা জিয়ার উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুক, ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলীম, উল্লাপাড়া আসনের সাবেক সংসদ সদস্য এম আকবর আলী, সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতা নূর কায়েম সবুজ ও জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ কায়েস।
সকাল ১১টার দিকে তারা মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।
মো. আমিরুল ইসলাম শুনানি শেষে হাইকোর্টের জামিন আদেশ বহাল রেখে প্রত্যেককে ২০ হাজার টাকা জামানতে স্থায়ী জামিন দেন।
জামিনপ্রাপ্ত ৮ নেতাই গত ২৫ অক্টোবর হাইকোর্ট থেকে ছয় মাসের অন্তবর্তীকালীন আগাম জামিন পান।
সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট গোলাম হায়দার ও পুলিশ বাদি হয়ে বিএনপি ও ছাত্রদলে আট নেতার বিরুদ্ধে মামলা দুটি করেছিলেন।
১১ অক্টোবর খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে সিরাজগঞ্জের সয়দাবাদ রেলক্রসিংয়ে দ্রুতযান এক্সপ্রেস নামের একটি ট্রেনে কাটা পড়ে অন্তত সাতজন নিহত হয়। এই ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রেনটি থামিয়ে ভাংচুর ও আগুন ধরিয়ে দেয়। ট্রেনটি দিনাজপুর থেকে ঢাকা যাচ্ছিলো।
এ ঘটনায় ৮টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় বিএনপির কেন্দ্রীয় কয়েকজন নেতাসহ অজ্ঞাত আরো কয়েকজ হাজার লোককে আসামি করা হয়েছে। এ পর্যন্ত ৮১ জনকে আটক করা হয়েছে।
জামিনের পর বিএনপি নেতারা আদালত প্রাঙ্গণে সংক্ষিপ্ত এক সমাবেশে মঙ্গলবারের হরতাল সফল করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।
এদিকে শুনানির ধার্য দিনে সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ জিআরপি থানা, দ্রুতযান ট্রেনের গার্ড ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের করা পৃথক তিনটি মামলায় আটক বিএনপির ২৯ নেতাকর্মীকে একই আদালতে হাজির করা হয়।
শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এছাড়া ট্রেনের গার্ড জে এম মুখার্জীর দায়ের করা মামলায় কারাগারে থাকা বিএনপির দুই সমর্থককে জিজ্ঞাসাবাদের জন্য দুদিন পুলিশ হেফাজত মঞ্জুর করেছে জেলার বিচার বিভাগীয় হাকিম আদালত।
এরা হলেন- নওগাঁ জেলার মহাদেবপুর থানার রসুল বকসের ছেলে নজরুল ইসলাম (৫০) ও একই এলাকার নাজিম উদ্দিনের ছেলে ইউসুফ আলী (৩৫)।
সকাল ১০টার দিকে আসামিদের উপস্থিতিতে রেলওয়ে থানার (জিআরপি) ওসি বিমল চাকী তাদের জিজ্ঞাসাবাদের জন্য তিনদিন হেফাজতের আবেদন জানান। শুনানি শেষে হাকিম প্রদীপ কুমার রায় দু'দিন হেফাজত মঞ্জুর করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৮২০ ঘ.
bdnews24