২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় নিহত ৭

দেশের বিভিন্ন স্থানে রোববার সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2010, 11:30 AM

Updated : 25 Aug 2022, 07:42 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন স্থানে রোববার সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক। এর মধ্যে বাগেরহাটে দু'জন, নওগাঁয় একজন, নারায়নগঞ্জে তিনজন এবং গোপালগঞ্জে নিহত হয়েছে এক কিশোর। বরগুনায় আহত হয়েছে অন্তত ৩০ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর: বাগেরহাট: সদর উপজেলার বারাকপুর বাসস্ট্যান্ডের কাছে রোববার দুপুরে বাগেরহাট-খুলনা সড়কে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা সড়কটি প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুর পৌনে ১টার দিকে খুলনা থেকে বাগেরহাটের উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস বারাকপুর বাসস্ট্যান্ডের কাছে পৃথক দুই মটরসাইকেল আরোহীকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয় ও অপরজন সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরা হলেন- বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মগরা গ্রামের মোহম্মদ আলী মালঙ্গীর ছেলে খবির মালঙ্গী (৪২) ও একই গ্রামে জালাল হাওলাদারের ছেলে গিয়াস হাওলাদার (৪৪)। বাগেরহাট সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবির ও গিয়াস বারাকপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। ময়না তদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এসআই জানান, বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক। নওগাঁ: মহাদেবপুর উপজেলায় পণ্যবাহী একটি ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন। সকাল ৮টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওহাটা চেংকুড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতের আলমগীর হোসেন (২৪) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। মহাদেবপুর থানার ওসি নূর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গুরুতর আহত আলমগীরকে রাজশাহী মেডিকেল হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান। আহত আহম্মদ আলীকে (৩০) নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ সড়ক থেকে দুর্ঘটনা কবলিত ট্রাক ও মাইক্রোবাসটি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। গোপালগঞ্জ: গোপালগঞ্জে মটর সাইকেল চাপায় এক কিশোর নিহত হয়েছে। সকাল সাড়ে ৭টার ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার পুরাতন মুকসুদপুর সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আলম ফকির (১১) একই উপজেলার কদমপুর গ্রামের হানিফ ফকিরের ছেলে। মুকসুদপুর থানার ওসি কে এম লিয়াকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুরাতন মুকসুদপুর সেতুর কাছে দ্রুতগামী একটি মটর সাইকেল পথচারী আলমকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে আলমকে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। লাশ গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় রোববার তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৮ জন। পুলিশ জানিয়েছে, রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার শিবুমার্কেট এলাকায় নারায়ণগঞ্জগামী মালবাহী একটি কাভার্ডভ্যান এবং টেম্পুর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। আহত হয় অন্তত ১০ জন। দুর্ঘটনার পর লিংকরোডে বিক্ষুব্ধ জনতা একটি বাস ভাংচুর করে। এ সময় প্রায় আধাঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতরা টেম্পুর যাত্রী ছিলেন। তাদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- আড়াইহাজার উপজেলার সম্ভপুরা এলাকার আবুল ফজলের ছেলে মাসুদ সালাউদ্দিন (৩৫) ও ঢাকার যাত্রাবাড়ির মতিয়ার মিয়ার ছেলে আব্দুর জব্বার (৪০)। ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষে টেম্পুটি দুমড়ে মুচড়ে যায়। পুলিশ কাভার্ড ভ্যানটিকে আটক করেছে। তবে চালক পলাতক। ওদিকে সকাল ৮টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি এলাকায় আনন্দ পরিবহনের ঢাকাগামী একটি বাসের সঙ্গে যাত্রীবাহী একটি স্কুটারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হয় আট জন। এরা হলেন- অপু (২৮), রাজু (২৯), নুরে আলম (২৭), মাঈনুউদ্দিন (৩০), জাহানারা (৫০), রনি (২৭), সরকারী মহিলা কলেজেরে প্রথম বর্ষের ছাত্রী অনামিকা (২০) ও শহীদ (৪২) । আহত ১৮ জনকে নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরগুনা: জেলার নিশানবাড়িয়া থেকে বরগুনা আসার পথে ছত্তার পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৩০ যাত্রী আহত হয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে পশ্চিম গর্জবুনিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরগুনা থানার ওসি মো. বাবুল আখতার জানান, বাসটি আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৭৩১ ঘ.