২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘাটে ভিড়ছে না লঞ্চ, মাঝনদীতে উঠছে যাত্রী

সন্ত্রাসী হামলার প্রতিবাদে সদরঘাটে না ভিড়িয়ে মাঝ নদী থেকে যাত্রী উঠাচ্ছে দক্ষিণাঞ্চলগামী লঞ্চগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2010, 11:19 AM

Updated : 25 Aug 2022, 07:42 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসী হামলার প্রতিবাদে সদরঘাটে না ভিড়িয়ে মাঝ নদী থেকে যাত্রী উঠাচ্ছে দক্ষিণাঞ্চলগামী লঞ্চগুলো। রোববার দুপুরের পর থেকে কেনো লঞ্চ সদরঘাটে ভেড়েনি। বিকাল সাড়ে ৩টার দিকে মাঝনদী থেকে নিউ আল বোরাক চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পন্টুনে না ভেড়ায় ঝুঁকি নিয়ে নৌকায় চড়ে যাত্রীদের লঞ্চে উঠতে হচ্ছে। এতে দুর্ঘটনার আশঙ্কা করছে যাত্রীরা। এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল সংস্থার (বিআইডাব্লিওটিসি) প্রধান উপদেষ্টা ও বরিশাল-৩ আসনে মহাজোটের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ত্রাসী হামলার 'টোকেন' প্রতিবাদ হিসাবে দুপুর আড়াইটা থেকে সদরঘাটের সব লঞ্চ পল্টুনে না ভিড়িয়ে মাঝনদী থেকে যাত্রী নিয়ে বিভিন্ন গন্তব্যে ছাড়া হবে। তিনি জানান, গত কয়েকদিন ধরে সদরঘাটে সন্ত্রাসীরা লঞ্চ কর্মচারী ও যাত্রীদের ওপর নির্যাতন চালাচ্ছে। রোববার সকালে এমভি টিপুর ব্যবস্থাপককে মারধর করা হয় বলে জানান তিনি। টিপু বলেন, "আমরা শুধু আজ (রোববার) মাঝনদী থেকে যাত্রী ওঠাবো। ৩০ নভেম্বরের পর আমরা এ বিষয়ে সরকারের সঙ্গে কথা বলবো।" সদর ঘাটে কর্তব্যরত বিআইডাব্লিওটিসি কর্মীরা জানান, সকাল থেকে দুপুর আড়াইটার পর্যন্ত র্নিধারিত ১৫টি লঞ্চ বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়। এর পর থেকে কোনো লঞ্চ পন্টুনে ভেড়েনি। এদিকে এমভি টিপুর ব্যবস্থাপক ফারুকের মোবাইলে ফোন করা হলে তার এক আত্মীয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফারুককে সকালে সদরঘাটে মারধর করা হয়েছে। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/কেটি/এমআই/১৫১৫ ঘ.