দিনাজপুর, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক ছাঁটাই ও মামলার প্রতিবাদে দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনিতে ধর্মঘট রোববার দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে।
শনিবার সকাল থেকে শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করে। এ খনিতে শ্রমিকের সংখ্যা ২৯৮ জন।
গত ২৩ নভেম্বর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খনির পাঁচ শ্রমিককে ছাঁটাই করে অজ্ঞাত ও নামোল্লেখ করে ১০-১২ জন শ্রমিকের বিরুদ্ধে মামলা করে কর্তৃপক্ষ।
সোমবারের মধ্যে এ ছাঁটাই আদেশ প্রত্যাহার ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার না হলে মঙ্গলবার থেকে অবস্থান ধর্মঘট ও সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচির হুমকি দিয়েছে শ্রমিকরা।
রোববার দুপুর ১টার দিকে দিনাজপুর প্রেসক্লাবে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়নের এক সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেওয়া হয়।
শ্রমিকদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে চাকরি স্থায়ীকরণের জন্য আন্দোলন করে আসছে। কিন্তু কর্তৃপক্ষ সেদিকে ভ্র"ক্ষেপ না করে নতুন করে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিচ্ছে।
সংবাদ সম্মেলনে শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, "খনি শ্রমিকদের নিয়োগ স্থায়ী না করে ২০০৮ সাল থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে।"
মোস্তাফিজুর বলেন, "খনিতে তিনটি শিফট পরিচালনার মতো কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু শ্রমিক রয়েছে মাত্র এক শিফট এর।"
তিনি জানান, ১৯৯৯-২০০০ সালে বিজ্ঞপ্তির মাধ্যমে খনির বর্তমান শ্রমিকদের নিয়োগ দেওয়া হয়। অথচ প্রশিক্ষণপ্রাপ্ত এসব দক্ষ শ্রমিকের চাকরি স্থায়ীকরণের ব্যাপারে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না।
এ কারণে বিক্ষুব্ধ শ্রমিকরা গত ২৩ নভেম্বর খনিতে বিভিন্ন ক্যাটাগরীতে সহকারী ব্যবস্থাপক পদে নিয়োগপ্রাপ্ত নয় কর্মকর্তাকে কাজে যোগ দিতে দেয় নি।
তিনি আরো জানান, খনির ডিজিএম কামরুজ্জামান ২৩ নভেম্বর আশ্বাস দিয়েছিলেন, এমডি জামিল-এ-আলিম ঢাকা থেকে রওয়ানা হয়েছেন। তিনি আসার পর আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।
"আমরা আলোচনার অপেক্ষায় ছিলাম। কিন্তু এমডি আসার পর আলোচনা ছাড়াই আমাকেসহ পাঁচ শ্রমিককে ছাঁটাই করে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পার্বতীপুর থানায় একটি মামলা করা হয়," বলেন তিনি।
তিনি বলেন, ওই মামলা ও ছাঁটাই আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত শ্রমিকরা ধর্মঘট চালিয়ে যাবে।
তিনি দাবি করেন, বড়পুকুরিয়া কয়লা খনি ও তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক কর্মচারী ইউনিয়ন তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে।
পার্বতীপুর থানার ওসি নুরুজ্জামান জানান, জিএম (প্রশাসন) আবুল বাশার বাদি হয়ে গত ২৫ নভেম্বর পাঁচ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৫-৭ জনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মামলা করেন।
এক প্রশ্নের জবাবে মোস্তাফিজুর বলেন, "ওই খনি থেকে দৈনিক গড়ে ৮০০ টন পাথর উত্তোলন করা হয়। ধর্মঘটের ফলে খনির উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে।"
সংবাদ সম্মেলনে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন- মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, কোষাধ্যক্ষ আনোয়ারুল হক, নির্বাহী সদস্য মোজাহারুল ইসলাম, বেলাল হোসেন, মোজাহিদুল হক শাহসহ প্রায় একশ শ্রমিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/কেএমএস/১৬১০ ঘ.
bdnews24