নরসিংদী, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলের বাঁশগাড়ী চকে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে বন্দুক ও টেটাযুদ্ধে শতাধিক ব্যক্তি আহত হয়েছে।
শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ সংঘর্ষ ঘটে।
এ সময় জমির ধানে অগ্নিসংযোগ এবং বাড়িঘরে ভাংচুর ও ধান, গরু, ছাগল, হাঁস-মুরগিসহ ব্যাপক লুটপাট চালানো হয়।
এলাকাবাসী জানায়, এলাকার প্রভাব বিস্তার নিয়ে বাঁশগাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আ. ছালাম মেম্বার ও মির্জাচর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জজ মিয়া মেম্বারের মধ্যে বিরোধ, মামলা-পাল্টা মামলা চলে আসছিল। এরই জের ধরে শনিবার সকালে উভয় পক্ষ বাঁশগাড়ি চকে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় উভয়পক্ষ বন্দুক ও টেটা ব্যবহার করে। এতে উভয় পক্ষের শতাধিক ব্যক্তি আহত হয়।
জজ মিয়ার সমর্থকদের মধ্যে আহতরা হলো জয়নাল আবেদীন (৫০), নুরুল ইসলাম (২১), কবীর হোসেন (৪০), লিয়াকত আলী (২০), জাহাঙ্গীর (২৫), শফিক (২৮), মনির (২৫), রহমান (২৪), আইনউদ্দিন (২২), আবুল হোসেন (২৮), রবি মিয়া (৫০), শাহপরাণ (২৫), জয়নাল আবেদীন (২৫), সুমন মিয়া (২০), হোসেন আলী (৩২), জাকির হোসেন (২৮), মিলন মিয়া (৩৪), হেলাল (২০), সেলিম (২৫), কামাল হোসেন (২৫), জিয়াউর রহমান (২৪), সিদ্দিক মিয়া (২৭), হানিফ (২৩), শামীম (২০), গোলাম হোসেন (২০), কামরুল ইসলাম (৩৪), সেলিম (৩৬), মোগল (৩০), আলাউদ্দিন (৪০), জহর মিয়া (২৮), হালিম (২২) ও গোলাম হোসেন ভূইয়া (৪৫)।
বাঁশগাড়ী ইউনিয়নের ছালাম মেম্বার গ্র"পের আহতরা হলো, সিরাজুল হক (৩২), কামাল হোসেন (৩৫), সাদ্দাম হোসেন (২৪), সৈয়দ হোসেন (৩২), আহম্মদ হোসেন (৩৬), আসু মিয়া (৩৮), জাকির হোসেন (২৮), জালাল উদ্দিন (৩২), আহম্মদ আলী (২৭), লোকমান (৩৪), সোহেল (২৬), শুক্কুর আলী (৩০), শহিদুল্লাহ (৩০)।
তাদেরকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নরসিংদী সদর হাসপাতাল ও নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তার এড়াতে অন্যরা বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি হয়েছে।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান ও থানার ওসি আব্দুল বাতেন মিয়ার নেতৃত্বে পুলিশ ওই চকে যায়। তারা সংঘর্ষকারীদেরকে স্থান ত্যাগ করার জন্য মাইকে বার বার অনুরোধ জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এ সময় বাঁশগাড়ী কান্দাপাড়া, বালুয়াকান্দি ও বটতলী গ্রামের হাজার হাজার লোক ছালাম মেম্বারের নেতৃত্বে মির্জাচর ইউনিয়নের বিরামপাড়া, বাজারপাড়া ও উত্তরপাড়া গ্রামে হামলা চালায়। তারা বাড়িঘরে ভাংচুর চালায় এবং ধান, গরু, ছাগল, হাঁস-মুরগিসহ ব্যাপক লুটপাট করে। তারা জমিতে ধানেও অগ্নিসংযোগ করে।
নরসিংদীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) কাজী হেলাল উদ্দিন বিকেল ৩টার দিকে তিন প্লাটুন পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৫২৯ ঘ.
bdnews24