২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৯

বিএনপির ডাকা হরতালকে সামনে রেখে ঢাকার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2010, 06:14 AM

Updated : 25 Aug 2022, 07:42 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ডাকা হরতালকে সামনে রেখে ঢাকার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করা হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতাসহ সরকারের বিরুদ্ধে নানা ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ এনে আগামী ৩০ নভেম্বর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। বর্তমান সরকারের আমলে এটি বিএনপির ডাকা তৃতীয় হরতাল। এর আগে গত ২৭ জুন ও ১৪ নভেম্বর হরতাল ডাকে বিএনপি। হরতালের আগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তিন শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে শনিবার দাবি করে বিএনপি। বিভিন্ন স্থানে মিছিলেও বাধা দেওয়ার অভিযোগ করে তারা। বিরোধী দল বলছে, হরতালে কর্মীদের মাঠে নামা ঠেকাতে এ গ্রেপ্তার অভিযান চলছে। এ বিষয়ে পুলিশের কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খোন্দকার শুক্রবার গোপালগঞ্জে সাংবাদিকদের বলেছিলেন, হরতালের সময় কেউ আইন-শৃঙ্খলা ভঙ্গ করে ফৌজদারি আইনে অপরাধ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন স্থানে ধরপাকড়ের বিষয়ে স্থানীয় পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতদের অনেকেই আগের মামলার আসামি এবং অন্যরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছিলেন। তবে বিএনপির অভিযোগ, বিনা উস্কানিতে নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী ইতোমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন, হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করা হলে তা মেনে নেওয়া হবে না। গোয়েন্দা পুলিশের এসআই আতাউর আরো জানান, নাশকতামূলক কর্মকাণ্ড করতে পারে সন্দেহে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ৫৪ ধারায় ২১ জনকে, ডিএমপি অর্ডিন্যান্সের বিভিন্ন ধারায় ৮৮ জনকে, নিয়মিত মামলার ৭০ জন আসামিকে এবং পুরাতন মামলার ৯২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া হাজারীবাগ ও মোহাম্মদপুর এলাকায় হত্যামামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে আরো ৪৩ জনকে গেপ্তার করা হয় বলে জানান এসআই আতাউর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এজে/কেএমএস/১২০৮ ঘ.