কক্সবাজার, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের টেকনাফ উপজেলায় শনিবার দুটি পৃথক অভিযানে ২০ হাজারেরও বেশি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)।
ট্যাবলেট পাচারে জড়িত সন্দেহে মিয়ানমার নাগরিকসহ তিনজনকে আটক করা হয়।
টেকনাফের ৪২ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোজাম্মেল হোসেন সাংবাদিকদের বলেন, বিকাল ৫টার দিকে মিস্ত্রিপাড়া ঘাট এলাকা থেকে ১৯ হাজার ৮০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় সাবরাং ইউনিয়নের আছারবনিয়া এলাকার নবী হোসেনকে (২৮) আটক করা হয়।
এছাড়া বিকাল ৩টার দিকে বিডিআরের আরেকটি দল টেকনাফ বাসস্ট্যান্ড থেকে ৭৯৪টি ট্যাবলেট উদ্ধার করে।
ওই সময় দুই মিয়ানমার নাগরিককে আটক করা হয়। এরা হলেন- মিয়ানমারের মংডু এলাকার সুধা পাড়ার জহির আহমদ (৩৮) ও আবদুর রহিম (৪৫)।
সদর বিওপির ল্যান্স কর্পোরাল মিজানুর রহমান বলেন, এই ঘটনায় টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে। আটকদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.
bdnews24