২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পোশাক কারখানায় সংঘর্ষ, আহত ৫০

সহকর্মীকে চাকরিচ্যুতির ঘোষণা ও অতিরিক্ত কাজ করানোর প্রতিবাদে সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার কর্মকর্তা ও আনসার সদস্যদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2010, 12:36 PM

Updated : 25 Aug 2022, 07:41 PM

সাভার, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহকর্মীকে চাকরিচ্যুতির ঘোষণা ও অতিরিক্ত কাজ করানোর প্রতিবাদে সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার কর্মকর্তা ও আনসার সদস্যদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে শ্রমিকরা কারখানার ভেতরে ভাংচুর চালায়। পরে কারখানা এক দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়। শ্রমিকরা অভিযোগ করে, আনসার ও কারখানা কর্মকর্তাদের পাশাপাশি পুলিশও তাদের উপর হামলা করে। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে। শনিবার সকাল সাড়ে ৯টা থেকে আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পুরনো জোনের কোরিয়ান কারখানা অ্যাক্টর স্পোর্টিং লিমিটেডে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে। বেলা সাড়ে ১০টার দিকে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পরিস্থিতি শান্ত হয়ে আসে। ডিইপিজেডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় শ্রমিকরা বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (বেপজা) কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে ১৬ দফা দাবি পেশ করেছে। দাবি পূরণ না হলে তারা কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে- কোনো শ্রমিককে বিনা কারণে চাকরিচ্যুত করা যাবে না। চাপ দিয়ে চাকরি ছাড়ার সাক্ষর নেওয়া যাবে না। স্বেচ্ছায় চাকরি ছাড়লে তিন মাসের বেতন ও বেপজার নিয়ম অনুযায়ী সব পাওনা পরিশোধ করতে হবে। দুই ঘণ্টার বেশি ওভারটাইম করালে দ্বিগুণ মজুরি দিতে হবে। এছাড়া কারখানার প্রডাকশন ম্যানেজার (পিএম) মো. আমিন ও ফ্লোর ইনচার্জ মো. বাদলকে অপসারণেরও দাবি জানায় শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, কারখানার কোয়ালিটি ম্যানেজার মো. রিপনকে কোনো কারণ ছাড়াই বরখাস্ত করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া ১ নভেম্বর থেকে নতুন মজুরি কাঠামো ঘোষণার পর বেতন বাড়ানো হলেও বাড়তি বেতনের জন্যে অতিরিক্ত কাজ করানো হচ্ছে। এর প্রতিবাদ জানালে কর্তৃপক্ষ চাকরিচুত্য করার ভয় দেখায়। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম বলেন, এ নিয়ে সকাল ৯টার দিকে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসে। কিন্তু দাবি না মানায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শ্রমিকদের কয়েকজন এ সময় কারখানার দরজা, জানালা ও আসবাবপত্র ভাংচুর করে। একপর্যায়ে কারখানার কর্মকর্তাদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়।" সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা বিক্ষোভ করে কারখানা থেকে বেরিয়ে ডিইপিজেডের ভেতরে ঢুকে পড়ে। এ সময় কারখানা ও বেপজার আনসার সদস্যরা শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা শুরু করে। উভয়পক্ষের সংঘর্ষে প্রায় ৫০ জন আহত হয়। আহত শ্রমিকদের কয়েকজনের পরিচয় জানা গেছে। এরা হলেন- নাছিম খান, মঞ্জু, মাসুদ, তাহনিমা, সালেহা, লিপি, আইরিন, তামান্না, তাসলিমা, মিনা, কুলসুম, পারুল, দেলোয়ার, তাপসী রাবেয়া, আসমা, শামীমা আফসার, নুরুন্নাহার, মাসুদ, সুলতানা, রমজান আলী। কারখানার ব্যবস্থাপক মিজানুর রহমান, আনসার সদস্য শাহজাহান মিয়া ও মফিজুল ইসলামও আহত হন। আহতদের বেপজা হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কারখানার ব্যাবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) আব্দুল খালেক বলেন, "শ্রমিকদের হামলায় বেশ কয়েকজন কর্মকর্তা আহত হয়েছেন। তারা কারখানার ভেতরেও ভাংচুর করেছে।" শ্রমিকদের দাবিগুলো 'অযৌক্তিক' মন্তব্য করে তিনি বলেন, কারখানা এক দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। বেপজার মহা-ব্যবস্থাপক আশরাফুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকরা কারখানার ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তিনি বলেন, "শ্রমিকরা যেসব দাবি করছে তা বেপজার নীতিমালায় নেই। তাই এ সব দাবি মানার প্রশ্নই আসে না। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এর সমাধান করা হচ্ছে।" এসআই তৌহিদুল ইসলাম শ্রমিকদের উপর পুলিশি হামলার কথা অস্বীকার করে বলেন, "আমরা ডিইপিজেড়ের মূল ফটকের সামনে নিরাপত্তার দায়িত্বে ছিলাম। শ্রমিকদের উপর হামলা চালাইনি।" তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডিইপিজেডে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/১৮২৩ ঘ.