নাটোর, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুচ্ছ ঘটনার জেরে নাটোরের লালপুর উপজেলায় স্বামীর গুলিতে স্ত্রী নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার বিকালে উপজেলার রুইগাড়ি গ্রামে নিহত গৃহবধূর নাম আরিফা খাতুন (২২)।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, তিন বছর আগে তাদের বিয়ে হয়। স্বামীর তেমন কোনো উপার্জন না থাকায় পারিবারিক কলহের কারণে ওয়াসিসম প্রায়ই স্ত্রীকে মারধর করতেন।
শুক্রবার মারধরের এক পর্যায়ে তিনি খুব কাছে থেকে একটি 'অবৈধ' অস্ত্র থেকে স্ত্রীকে গুলি করেন।
গোপালপুর বাজারের কসমস জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তিনি মৃত।
আবার কেউ বলছে- ওয়াসিম আলীকে ছোটভাই বেলাল হোসেন গুলি করে মারতে গেলে সামনে এসে পড়ায় আরিফা মারা যান।
লালপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ওয়াসিম আলীর স্ত্রী আরিফা খাতুন গুলিতে নিহত হয়েছে সত্য। এ নিয়ে দু'ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে।
কেউ বলছে ওয়াসিম আলী গুলি করে স্ত্রীকে মেরেছে। আবার কেউ বলছে- বেলাল হোসেন বড়ভাই ওয়াসিম আলীকে গুলি করার সময় আরিফা এসে স্বামীর সামনে দাঁড়ালে গুলিবিদ্ধ হন।
ঘটনার পর থেকে ওয়াসিম আলী ও বেলাল হোসেন পলাতক রয়েছেন। লালপুর থানা পুুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৭ ঘ.
bdnews24