রাঙামাটি, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাঙামাটির লংগদু উপজেলায় একটি বাজারে আগুনে লেগে ৪৫টি দোকান এবং আশপাশের ৫০টি বসতঘর পুড়ে গেছে।
তবে কেউ হতাহত হয়নি।
বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার কাট্টলী বাজারে এই অগ্নিকাণ্ড হয়।
লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন সাংবাদিকদের জানান, একটি দোকানের পেছনের বাসার রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত।
পুলিশ, বিডিআর ও স্থানীয়রা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি।
উপজেলা চেয়ারম্যান জানান, ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। প্রায় ২০ কোটির টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা ধারণা করছেন।
তিনি জানান, শুক্রবার ভোরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার পুড়ে যাওয়া বাজার পরিদর্শনে আসার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৮ ঘ.
bdnews24