২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামান্না গণহত্যা দিবস শুক্রবার

আগামীকাল শুক্রবার কামান্না গণহত্যা দিবস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2010, 02:39 PM

Updated : 25 Aug 2022, 07:40 PM

ঝিনাইদহ, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামীকাল শুক্রবার কামান্না গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিন রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কামান্না গ্রামে ২৭ মুক্তিযোদ্ধাকে হত্যা করে। প্রতিবছর দিনটিকে কামান্না গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছে স্থানীয়রা। কামান্নার শহীদদের স্মরণে এদিন আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়ে থাকে। এসব মুক্তিযোদ্ধার স্মরণে স্থানীয়রা একটি শহীদ মিনার নির্মাণ করেছে। তবে স্থানীয় মুক্তিযোদ্ধাদের দাবি, সরকারিভাবে তাদের সহযোদ্ধাদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ করা হোক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, ১৯৭১ সালের ২৩ নভেম্বর কামান্না গ্রামের মদন ভৌমিক ও তার পাশের বাড়ির আরেকটি ঘরে ৪২ জনের এক দল মুক্তিযোদ্ধা অবস্থান নেন। এ খবর হানাদার বাহিনীর দোসররা শৈলকুপা, ঝিনাইদহ ও মাগুরার সেনা ক্যাম্পে পৌছে দেয়। ২৬ নভেম্বর রাতে মুক্তিযোদ্ধারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে গভীর রাতে পাকিস্তানি সেনা ও তাদের দোসর রাজাকাররা তাদের ঘেরাও করে ফেলে। হানাদারদের গুলিতে প্রাণ হারান ২৭ মুক্তিযোদ্ধা। বাকিরা সরে পড়তে সক্ষম হয়। শহীদ মুক্তিযোদ্ধাদের মধ্যে আছেন- মোমিন, শহিদুল, কাদের, সোলায়মান, রাজ্জাক, ওয়াহেদ, রিয়াজ, আলমগীর, মোতালেব, আলী হোসেন, শরিফুল, আলিমুজ্জামান, মনিরুজ্জামান, আনিসুর, তাজুল, মাছুম, রাজ্জাক, কাওছার, সালেক, আজিজ, আকবর, সেলিম, হোসেন, রাশেদ, গোলজার, অধীর, গৌড়, ফনীভূষণ কুণ্ডু ও রঙ্গবিবি। শৈলকুপা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডার রহমত আলী মন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই দিন তিনি রয়েড়াতে তার বাহিনী নিয়ে অবস্থান করছিলেন। গুলির শব্দ শুনে নদী পার হয়ে নাগিরাট পৌঁছান এবং গুলিবর্ষন শুরু করেন তারা। তিনি বলেন, উদ্দেশ্য ছিল শত্র"কে জানানো পাল্টা আঘাত হানতে মুক্তিযোদ্ধারা এগিয়ে আসছে। কিন্তুু তার আগেই গণহত্যা চালিয়ে পাকিস্তানি সেনারা সরে পড়ে। রহমত আলী বলেন, ঘটনার পরদিন সকালে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্তিযোদ্ধাদের মৃতদেহগুলো একত্র করে কুমার নদীতীরে পাঁচটি গণকবরে সমাহিত করা হয়। দেশ স্বাধীন হওয়ার পর গণকবরগুলো পাকা করা হয়। সেই স্থানে নির্মাণ করা হয় সাদামাটা একটি শহীদ মিনার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২০৩৪ ঘ.