সিলেট, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটে শিক্ষক হারুন উর-রশিদ হত্যা মামলার প্রধান আসামি আবদুল লতিফ ওরফে কাওসারকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার ভোররাতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি এলাকা থেকে তাকে আটক করে র্যাব। তার বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকায়।
বৃহস্পতিবার র্যাব-৯ কাওসারকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করে।
পরে তাকে মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়।
হাকিম মো. আমির উদ্দিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সিআইডি কর্মকর্তারা জানান, কাওসারকে বৃহস্পতিবার সকালে র্যাব ঢাকা থেকে সিলেট এনে সিআইডির কাছে হস্তান্তর করে।
ব্রিটেনের পাসপোর্টধারী কাওসার শিক্ষক হারুন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়টি র্যাবের কাছে স্বীকার করেছেন বলে সিআইডি কর্মকর্তারা জানান।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ওসি মহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামি আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হবে না। অন্যথায় আদালতের মাধ্যমে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হবে।
সিলেট সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক হারুন অর-রশিদ গত ২১ মার্চ বিকেল সাড়ে তিনটার দিকে নগরীর গৌড়গোবিন্দ টিলার পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন।
এ ঘটনায় তার শ্যালক আল আজিজ চৌধুরী বাদি হয়ে পরদিন কোতয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।
হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে এর আগে কলেজের দুই ছাত্রীসহ কাওসারের দুই সহযোগীকে র্যাব গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৩ ঘ.
bdnews24