বান্দরবান, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানে তামাক প্রক্রিয়াকরণ, চুল্লি ব্যবহার, বিপণন ও মজুদে তামাক কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।
তবে চলতি মৌসুমে চাষ হওয়া শুধুমাত্র এক হাজার একর জমির ফলস তোলার সুযোগ দেওয়া হয়েছে।
তামাক চাষ বন্ধের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা জজ মোহাম্মদ কাওসার এ রায় দেন।
চলতি বছর আদালত বান্দরবানে তামাক চাষের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে।
এ রায়কে বাদি পক্ষের আইনজীবীরা 'ঐতিহাসিক' হিসাবে আখ্যায়িত করেছেন।
তবে বিবাদি একটি কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
মামলার বাদি জাফর ইকবাল এ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, "সামাজিক দায়বদ্ধতা ও তামাকের ক্ষতির দিকটি বিবেচনা করে আমি এ মামলার বাদি হয়েছি।"
গত ১৯ আগস্ট স্থানীয় সাংবাদিক আলাউদ্দিন ও স্থানীয় বাসিন্দা জাফর ইকবাল যুগ্ম জজ আদালতে তিনটি কোম্পানিকে বিবাদি করে তামাক চাষ বন্ধে চুল্লি ব্যবহার, তামাক প্রক্রিয়াকরণ ও বিপণনের উপর নিষেধাজ্ঞা জারির আবেদন করেন।
এই তিনটি কোম্পানি হলো- ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি (বিএটি), আবুল খায়ের টোবাকো কোম্পানি ও ঢাকা টোবাকো কোম্পানি।
পরে বাংলাদেশ পরিবেশবিদ আইনজীবী সংগঠন (বেলা), আমরা ধূমপান নিবারণ করি (আধূনিক), কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বান্দরবান জেলা শাখা, বান্দরবান জেলা কৃষক সমিতি, তামাক বিরোধী বিভিন্ন এনজিও'র সমন্বয়ে গঠিত সম্মিলিত তামাক বিরোধী জোট এ মামলায় বাদি পক্ষ হিসাবে অন্তর্ভুক্ত হয়।
আদালত গত ১৯ অগাস্ট তামাক চাষ কেন বন্ধ করা হবে না তার কারণ জানতে চেয়ে ওই তিনটি কোম্পানিসহ জেলা প্রশাসক (ডিসি), জেলার সাতটি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সাতটি থানার ওসি, কৃষি বিভাগের উপ-পরিচালক ও দুই বিভাগীয় বন কর্মকর্তাকে নোটিশ পাঠায়।
গত ২৬ অগাস্ট বিবাদি পক্ষ আদালতে এর জবাব দেয়।
পরে বাদি পক্ষের আবেদনে আদালত বান্দরবানে তামাক চাষের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে।
বিবাদী পক্ষ ওই অস্থায়ী নিষেধাজ্ঞা খারিজের জন্য জেলা জজ আদালতে আবেদন করে। গত ১০ নভেম্বর আদালত উভয় পক্ষের শুনানি শেষে অস্থায়ী নিষেধাজ্ঞা বহাল রাখে। গত বুধবারও এর শুনানি হয়।
বাদি পক্ষের আইনজীবী মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, "আদালতের রায়ে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন বহাল রেখে বিবাদীদের মামলা খারিজের আবেদন নাকচ করেছে।"
তিনি আরো জানান, সরকারিভাবে বান্দরবান জেলায় ১০ হাজার একর জমিতে তামাক চাষ হয়ে থাকে। তবে বেসরকারি হিসেবে এ পরিমাণ ২০ হাজার একর হতে পারে।
বাদিপক্ষের অপর আইনজীবী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ইলিয়াছুর রহমান এ রায়কে 'ঐতিহাসিক' হিসাবে আখ্যায়িত করে বলেন, "এ ধরনের মামলা ও রায় এই প্রথম। এটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।"
বেসরকারি সংগঠন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশের (ডব্লিউবিবি) প্রজেক্ট কো-অর্ডিনেটর আমিনুল ইসলাম সুজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আশা করি সরকার বিড়ি-সিগারেটের বিপণন বন্ধেও সিদ্ধান্ত নেবে।"
তিনি বলেন, তামাক চাষের জন্য জমি তৈরি, বীজ বপন, পরিচর্যা, পাতা তোলা, গোড়া তোলা ইত্যাদি কারণে অগাস্ট মাস থেকে এপ্রিল পর্যন্ত প্রায় ৯ মাস সময় লাগে। এতে ৩টি মৌসুমের ফসলের ক্ষতি হয়।
তামাক পাতা প্রক্রিয়াকরণের জন্য গাছ কাটার কারণে বনজ সম্পদ ধবংস হয়ে যাচ্ছে। এর প্রক্রিয়াকরণে বায়ুদূষণ মারাত্মক আকার ধারণ করে, যা হাঁপানি, শ্বাসকষ্ট, চর্মরোগসহ বিভিন্ন রোগের কারণ।
তবে এ রায়ের বিষয়ে ব্রটিশ আমেরিকান টোবাকো কোম্পানির (বিএটিবি) বান্দরবান এরিয়া ম্যানেজার মুশফিক এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
এ বিষয়ে বিএটিবির কমিউনিকেশন অফিসার শামীম জাহেদীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি 'ব্যক্তিগত ছুটিতে আছেন' জানিয়ে কোনো কথা বলতে রাজি হন নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৮২৮ ঘ.
bdnews24