সিরাজগঞ্জ, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) এক আঞ্চলিক নেতার জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জেলার ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের একটি মাঠ থেকে হযরত আলীর (৩৬) লাশ উদ্ধার করা হয়। তার বাড়ি একই গ্রামে। বাবার নাম নাজিম উদ্দিন।
ফরিদপুর থানার ওসি মোহাম্মদ আবু জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে ৮-১০ জনের সশস্ত্র একদল সন্ত্রাসী হযরত আলীকে উঠিয়ে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে কান্দিপাড়া গ্রামের লোকজন কালিকাপুর মাঠে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
দলের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলে প্রতিপক্ষের লোকজন তাকে খুন করতে পারে বলে ধারণা করছে পুলিশ।
ওসি বলেন, "হযরত আলী পুলিশের তালিকাভুক্ত আসামি। তার বিরুদ্ধে ফরিদপুর থানায় হত্যা, ডাকাতি, অপহরণসহ একাধিক মামলা রয়েছে।"
লাশ ময়না তদন্তের জন্যে পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪৪৪ ঘ.
bdnews24