চট্টগ্রাম, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় হেলে পড়া 'চাঁদ নিবাস' ও সংলগ্ন 'রিলায়েন্স প্লাজা'র অননুমোদিত অংশ ভাঙতে বলেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
ভবন দুটির মালিককে নিজ উদ্যোগে তিন দিনের মধ্যে অননুমোদিত অংশ ভেঙে ফেলতে বুধবার বিকালে নোটিশ পাঠানো হয়েছে।
মঙ্গলবার বিকালে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কের ১১০/১১ নম্বর 'চাঁদ নিবাস' বাড়িটির হেলে থাকার বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। তারা দমকল বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানায়।
সিডিএ'র অথরাইজেশন অফিসার এজিএম সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুটি ভবনই নিয়ম লঙ্ঘন করে বারান্দা বিস্তৃত করেছে। ফলে ভবন দুটির মধ্যবর্তী স্থানে যতটুকু খালি জায়গা থাকার কথা তা নেই।
তিনি জানান, সিডিএ'র ইমারত নির্মাণ বিধিমালা অনুসারে ভবন নির্মাণের সময় ভবনের চারপাশে চার ফুট করে জায়গা খালি রাখতে হয়। কিন্তু দুই ভবন মালিকের কেউই এ নির্দেশ মানেনি।
মালিকরা না ভাঙলে সিডিএ ভবন দুটির অননুমোদিত অংশ ভাঙবে।
দুই ভবনের মালিককেই ভবন দুটির অনুমোদিত নকশা সিডিএতে জমা দিতে বলা হয়েছে। নগরীর ইমরাত মান নির্ণয় সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি তা যাচাই-বাছাই করবে। এরপর কমিটি যে সিদ্ধান্ত নেবে তা দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানান সেলিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/২০১৬ ঘ.
bdnews24