২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মা ও ভাইয়ের স্ত্রী হত্যাকারীর ফাঁসি

মা ও ভাইয়ের স্ত্রীকে হত্যার অভিযোগে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে বরিশালের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2010, 07:43 AM

Updated : 25 Aug 2022, 07:40 PM

বরিশাল, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মা ও ভাইয়ের স্ত্রীকে হত্যার অভিযোগে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে বরিশালের একটি আদালত। দণ্ডিত শামীম আহম্মেদ (৪৫) নগরীর দপ্তরখানা রোডের মৃত শেখ আলী মোহাম্মদের ছেলে। গত বছর মা ফাতেমা বেগম এবং ছোট ভাইয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী শিমু খানকে হত্যার দায়ে তাকে এ দণ্ড দেওয়া হলো। বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুস সালাম সিকদার বুধবার আসামির অনুপস্থিতিতে মামলার রায় দেন। উচ্চ আদালত থেকে জামিনে ছাড়া পেয়ে শামীম আত্মগোপন করেছেন বলে তার ভাই রেমন আহম্মেদ জানিয়েছেন। ২০০৯ সালের ২০ এপ্রিল রাতে খুন হন ফাতেমা এবং রেমনের স্ত্রী শিমু। পরদিন শিমুর বাবা আজিজুর রহমান মল্লিক বাদি হয়ে অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গত ২৪ এপ্রিল শামীমকে আটক করে। এরপর তিনি মা ও ভাইয়ের স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে শামীমের সঙ্গে মা ও রেমনের বিরোধ ছিলো। সে বিরোধের জের ধরে শামীম এ হত্যাকাণ্ড ঘটায় বলে মামলার ১৮ জন সাক্ষীর সাক্ষ্যে উঠে আসে। রেমন সাংবাদিকদের বলেন, শামীম কয়েক মাস আগে হাইকোর্ট থেকে জামিন পায়। এরপর কারামুক্ত হয়ে পালিয়ে যান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩৪০ ঘ.