চট্টগ্রাম, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলার তদন্তে আরো সময় পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ নিয়ে এ মামলায় অধিকতর তদন্তের জন্য ১১ বার সময় বাড়ানো হলো।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি'র জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরী তদন্তর জন্য আরো ৯০ দিন সময় চেয়ে গত ২১ নভেম্বর আবেদন করেছিলেন।
ওই আবেদনের শুনানি শেষে মহানগর দায়রা জজ আদালতের বিচারক গোলাম সরোয়ার বুধবার সময় বাড়ানোর আবেদন মঞ্জুর করেন।
আদালত ২২ ফেব্র"য়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ঠিক করেছেন বলে আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ও মহানগর পিপি কামালউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তদন্তের সময় বাড়ানোর আবেদন জানানোর সময় মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্ত শেষ না হওয়ায় পুনরায় সময় বাড়ানোর আবেদন জানানো হয়েছে।
"এই মামলার গ্রেপ্তার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা যাচাই করা প্রয়োজন", বলেন তিনি।
২০০৪ সালের ১ এপ্রিল রাতে চট্টগ্রামের সিইউএফএল জেটিতে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র খালাসের সময় ধরা পড়ে। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় এর তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা হয় বলে অভিযোগ রয়েছে।
এরপর ২০০৮ সালের ১২ ফেব্র"য়ারি রাষ্ট্রপক্ষের আবেদনে এ মামলার অধিকতর তদন্তের নির্দেশ দেয় আদালত। সহকারী পুলিশ সুপার ইসমাইল হোসেন এর অধিকতর তদন্ত শুরু করেন। তিনি দুই দফা সময় বাড়িয়েও তা শেষ করতে পারেননি।
২০০৯-এর ১৮ জানুয়ারি তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়। দায়িত্ব নেন মনিরুজ্জামান। তিনি তদন্ত চালানোর সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক দুই প্রধানসহ পাঁচ কর্মকর্তা, সিইউএফএল'র সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপককে (প্রশাসন) গ্রেপ্তার করা হয়।
এছাড়া এই মামলায় সাবেক দুই সচিব, তিন পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ এবং এদের অনেকেই আদালতে মামলার সাক্ষী হিসেবে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৩২৫ ঘ.
bdnews24