পাবনা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার চাটমোহর উপজেলায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জগন্নাথাপুর বাজারের পাশে এ ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, নিহত গোলজার হোসেন (৪৪) উপজেলার ফৈলজানা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। একই গ্রামের আয়েন উদ্দিনের ছেলে।
চাটমোহর থানার উপ-পরিদর্শক নাজমুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকজন দুর্বৃত্ত জগন্নাথাপুর বাজার থেকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে ধরে নিয়ে অদূরে মাদ্রাসার পাশে জবাই করে।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা জানান, জমিজমা নিয়ে ভাইদের সঙ্গে গোলজারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ভাইয়েরা চরমপন্থি ভাড়া করে তাকে খুন করিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৬ ঘ.
bdnews24