২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদ লুৎফুল হাই রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনের আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য লুৎফুল হাই সাচ্চুকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2010, 01:56 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনের আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য লুৎফুল হাই সাচ্চুকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। মঙ্গলবার বাদ মাগরিব গ্রামের বাড়ি সদর উপজেলার সুহাতা গ্রামে তার দাফন সম্পন্ন হয়। আগেরদিন দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুক্তিযোদ্ধা লুৎফুল হাই। তার বয়স হয়েছিলো ৭০ বছর। লুৎফুল হাই বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগেরও সভাপতি ছিলেন তিনি। মঙ্গলবার দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লুৎফুল হাই'র জানাজা হয়। এতে অংশ নেন সংসদ সদস্যরা। জানাজার পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে প্রয়াতের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর শ্রদ্ধা জানান সংসদ সদস্যরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে হেলিকপ্টারে লুৎফুল হাই'র মরদেহ ব্রাহ্মণবাড়িয়া আনা হয়। এরপর সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ রাখা হয় শহরের মৌলভীপাড়ার বাসভবনে। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা তার প্রতি ফুলেল শ্রদ্বা জানান। বাদ আসর জেলা ঈদগাহ ময়দানে জানাজা হয়। লুৎফুল হাই'র মৃত্যুতে সোমবার থেকে ব্রাহ্মণবাড়িয়ায় তিনদিনের শোক কর্মসূচি পালিত হচ্ছে। কর্মসূচির মধ্যে রয়েছে- বিভিন্ন সরকারি-বেসরকারি কার্যালয়, দোকানপাটে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ এবং মসজিদ-মন্দির বিশেষ মোনাজাত। সাবেক এই আইনজীবী নেতার স্মরণে জেলার আইনজীবীরা মঙ্গলবার আদালতে মামলা পরিচালনা করেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৭ ঘ.