মাগুরা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টাকা ভাগাভাগি নিয়ে মাগুরা শহরের বাস টার্মিনালে দুই দল শ্রমিকের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে।
এ সময় দুপক্ষের মধ্যে বোমাবাজির ঘটনা ঘটলেও পুলিশ বলেছে, তারা বিষয়টি জানে না।
মঙ্গলবার বিকালে শহরের পারনান্দুয়ালী পৌর বাস টার্মিনালে সংঘর্ষের সময় দুটি দোকান ভাংচুর করা হয় বলে অভিযোগ করেছে স্থানীয়রা।
আহতরা হলেন- ওহিদুজ্জামান (৬০), আকিদুল মোল্লা (২৮), শফিউল (২৫), খোকা (৩০) ও সাঈদ (৪১)।
এদের মধ্যে তিনজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা জামান মোল্লা ও সাইদ মোল্লা সাংবাদিকদের জানান, ঈদের পর অতিরিক্ত যাত্রী থাকায় বাস শ্রমিক ও স্থানীয় একটি গ্র"প মাগুরা থেকে ঢাকা রুটে কয়েকটি বাস চালু করে।
ওইসব বাসের টিকিট বিক্রির টাকার ভাগ নিয়ে পারনান্দুয়ালী এলাকার এলেম মোল্লা ও বরুনাতৈল গ্রামের হেদায়েতের মধ্যে বিরোধ চলছিলো।
এ নিয়ে মঙ্গলবার বিকাল ৪টার দিকে দুজনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের সময় তারা একাধিক হাতে তৈরি বোমার বিস্ফোরণ ঘটায় বলে স্থানীয়রা জানান।
পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর থানার ওসি আব্দুর রাকিব খান ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বোমা ফাটানোর বিষয়টি তিনি জানেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৫৭ ঘ.
bdnews24