ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ধানমণ্ডি এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দোকান কর্মচারী আহত হয়েছে।
সোমবার রাতে ধানমণ্ডি চার নম্বর সড়কে একটি ওষুধের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
আহত দোকান কর্মচারীর নাম সালাউদ্দিন (৩৫)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাসা পুরান ঢাকায় লালবাগ কেল্লার মোড় এলাকায়।
ধানমণ্ডি থানার সহকারী উপ-পরিদর্শক শ্যামল দেব নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধানমণ্ডি ল্যাব এইড ড্রাগ কর্নারের কর্মচারী সালাউদ্দিন সোমবার রাতে দোকান বন্ধ করে রাস্তা পাড় হচ্ছিলো। এসময় ছিনতাইকারীরা প্রাইভেটকারে করে এসে তার কাছ থেকে টাকা ও মোবাইল ফোনসেট ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।
সালাউদ্দিন বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ঘাড়ে ও পেটে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ফোনসেট নিয়ে পালিয়ে যায়। পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি বলে জানান শ্যামল।
উল্লেখ্য, শনিবার গভীর রাতে ধানমণ্ডি এলাকায় পুলিশের সঙ্গে ছিনতাইকারীদের গোলাগুলির ঘটনায় এক পুলিশসহ দুজন আহত হয়।
ওই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/১৩৩২ ঘ.
bdnews24